খাগড়াছড়ির ৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। নির্বাচনের সময় জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের বিপুল উপস্থিতি চোখে পড়ে।
জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৭টা ১০ মিনিটে গিয়ে দেখা যায়, ভোট দেওয়ার জন্য আগেভাগে কেন্দ্রের সামনে এসে বসে আছেন বহুসংখ্যক নারী। গোলাবাড়ি ইউনিয়নের ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পেরাছড়া ইউনিয়নের পেরাছড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিপুলসংখ্যক নারী ভোটারকে দেখা যায়।
পেরাছড়া উচ্চবিদ্যালয়কেন্দ্রে কথা হয় মল্লিকা চাকমার (৮০) সঙ্গে। তিনি নাতির হাত ধরে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। ভোট দেওয়ার পর খুব ভালো লাগছে।’
নারী ভোটারের পাশাপাশি নতুন ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
দক্ষিণ গঞ্জপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে কথা হয় নতুন ভোটার জ্যোৎস্না মারমার সঙ্গে। কলেজপড়ুয়া জ্যোৎস্না প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সেই অধিকার প্রয়োগ করতে আসলাম।’