নারী ভোটারদের কাছে ভোট চাইছেন শুধুই নারী প্রার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে নারী ভোটারদের কাছে কেবল নারী কাউন্সিলর প্রার্থীরাই আসছেন। মেয়র বা সাধারণ কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় থাকলেও এখনো নারী ভোটারদের কাছে যেতে শুরু করেননি। এসব প্রার্থীরা বাড়ির প্রধানকে বললেই পরিবারের নারীদের ভোটও পাবেন ধরে নেওয়ায় এ ধরনের আচরণ করছেন বলে মনে করছেন নারী ভোটাররা।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল জাফরি দোলন বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সংরক্ষিত ওয়ার্ডের (১, ২ ও ৩ নম্বর) তিন প্রার্থীই ভোট চাইতে এসেছিলেন। কিন্তু অন্য কোনো প্রার্থী বা তাঁদের কোনো প্রচারকর্মী এখনো আসেননি বলে তিনি জানান। এলাকার প্রবীণ নূরভানু বেগমও বলেন, নারী কাউন্সিলর প্রার্থীরা এসে দোয়া ও ভোট চেয়ে গেছেন। তবে অন্য কোনো প্রার্থী বা তাঁদের লোকজন এখনো আসেননি বলে তিনি জানান।
৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলেজশিক্ষক রেবেকা সুলতানা বলেন, নারী কাউন্সিলর প্রার্থী ছাড়া অন্যরা ধরেই নেন, নারী ভোটাররা নিজেদের ইচ্ছায় ভোট দেন না। ফলে তাঁরা বাড়ির প্রধানের কাছে ভোট চাইলেও নারী ভোটাররা আড়ালেই থেকে যান। অথচ পৌরসভায় নারী ভোটারই বেশি।
রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কলেজশিক্ষক ফিরোজা বেগম বলেন, যে দেশে এখনো নারী কাউন্সিলর প্রার্থীদের চুড়ি, ফ্রক, পুতুল, কাঁচি, গ্যাসের চুলা প্রতীক বরাদ্দ দেওয়া হয়, সে দেশে নারী ভোটারদের গুরুত্ব আরও কম হওয়াই স্বাভাবিক।
তবে মেয়র ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা বলেন, নানা সীমাবদ্ধতায় নারী ভোটারদের কাছে এখনো যাওয়া হয়নি। প্রতীক পেলেই যাবেন বলে তাঁরা জানান। তবে নারী ভোটারদের কাছে এরই মধ্যে নারী কর্মীদের পাঠাতে শুরু করেছেন বলে তাঁরা জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, রায়গঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ৫৮ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৫ হাজার ৩৮ জন।