নারী ভোটারের উপস্থিতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে গতকাল বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সবকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। শীত উপেক্ষা করে সকালেই তাঁরা নিজ নিজ কেন্দ্রে ছুটে আসেন।
এই পৌরসভায় মোট নয়টি ওয়ার্ডে ভোট কেন্দ্র নয়টি। ভোটারের সংখ্যা ১৮ হাজার ১০০। মেয়র প্রার্থী চারজন, কাউন্সিলর ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা প্রার্থী কাউন্সিলর আটজন।
সরেজমিনে দেখা ভোটের চিত্র: সকাল ৯টা ৩১ মিনিট, তখনো ঘন কুয়াশা। এরই মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের পৌরশহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ভোট দিতে আসা ষাটোর্ধ্ব করিমুন বিবি বলেন, ‘মনে করছিলাম শীতর মধ্যে মানুষ কম অইব। আইয়া দেখি বেশি। এক ঘণ্টা ধরি দাঁড়াইয়া আছি। ভোটটা দিয়াই যাইমু।’
সকাল ৯টা ৪৩ মিনিট: ১ নম্বর ওয়ার্ডের ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে মিনার আলী তাঁর পক্ষাঘাতগ্রস্ত মা দুলবি বিবিকে (৭০) কোলে করে ভোট দিতে নিয়ে এসেছেন। জানতে চাইলে দুলবি হেসে বলেন, ‘আর কয়দিন বাঁচমু। শেষ ভোটটা দিতাম আইছি। দেশর লাগি ভোটর দাম আছে।’
ভোট নেওয়া শেষে মুঠোফোনে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা এম এম শাহ নেওয়াজ বলেন, ১ হাজার ৬৭৯ ভোটের মধ্যে ১ হাজার ৬৬৪টি ভোট পড়েছে।
সকাল সোয়া ১০টা: ৪ নম্বর ওয়ার্ডের সানরাইজ কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা কম দেখা যায়। সেখানে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, ‘ভোট দিয়া আইছি। পরিবেশ ভালা।’ বিকেলে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ১ হাজার ৬৬৭। এর মধ্যে ৯২৬ জন ভোট দিয়েছেন।
বেলা ১০টা ৪৮ মিনিট: ৮ নম্বর ওয়ার্ডের নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি। রাহেলা বেগম পাঁচ মাসের ছেলেশিশু কোলে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘এক ঘণ্টা ধরি দাঁড়াই আছি। ভোট না দিয়া যামু না।’ বিকেলে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফ উদ্দিন আহমদ বলেন, ২ হাজার ২৩৮ ভোটের মধ্যে ১ হাজার ৫৩৩টি পড়েছে।
বেলা ১১টা ৩৭ মিনিট: ৯ নম্বর ওয়ার্ডের লস্করপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। রুজিনা বেগম বলেন, ‘ভোট পছন্দর প্রার্থীরেই দিমু।’ বিকেলে প্রিসাইডিং কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ১ হাজার ৪৩২ ভোটের মধ্যে ১ হাজার ১৬১ পড়েছে।
দুপুর ১২টা: ৭ নম্বর ওয়ার্ডের আমীর-ছলফু প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়। শেষ প্রান্তে দাঁড়ানো ভোটার পার্বতী দাস বলেন, ‘ভোট তো নাগরিক দায়িত্ব। সময় লাগলেও দিয়া যাইমু।’ বিকেলে প্রিসাইডিং কর্মকর্তা শরীফ-উল-ইসলাম বলেন, ৩ হাজার ২৩১ ভোটের মধ্যে ২ হাজার ২০০টি ভোট নেওয়া হয়েছে।