নারী ভোটার কম হওয়ায় উদ্বিগ্ন সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমেদ
কাজী রকিব উদ্দীন আহমেদ

নারী ভোটার কম হওয়া নিয়ে উদ্বিগ্ন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আজ রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এ উদ্বেগের কথা জানান।

সিইসি বলেন, আদমশুমারিতে নারী-পুরুষের যে অনুপাত, সেটির সঙ্গে ভোটার তালিকায় নারীর সংখ্যা মিলছে না। এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) সঙ্গে কমিশন পরামর্শ করেছে। তবে কোনো বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়নি। তবে নারী ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচার শুরু করা হয়েছে বলে তিনি জানান।

প্রধান নির্বাচন কমিশনার জানান, আলোচনায় কমিশন তিনটি কারণ পেয়েছে। প্রথমত, গ্রামে মা-বাবা মেয়েদের বয়স কমিয়ে বলেন, যাতে বিয়ে দিতে কষ্ট না হয়। দ্বিতীয়ত, পর্দার কারণে নারীরা ছবি তুলতে চান না এবং এ কারণে ভোটার হতে তাঁদের অনীহা কাজ করে। তৃতীয়ত, ভোটার হতে জন্মনিবন্ধন সনদ লাগে। এই সনদের জন্য ফি দিতে হয়। নিম্ন আয়ের পরিবার অর্থ খরচ করে সনদ জোগাড় ও ভোটার তালিকায় নাম তুলতে আগ্রহী হয় না।