নারী ভোটার কমায় সুজনের উদ্বেগ
ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এভাবে নারী ভোটার কমার কারণ তদন্ত করে বের করার দাবি জানিয়েছে তারা।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন তাদের উদ্বেগের কথা জানায়।
সুজনের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন সম্পাদক বদিউল আলম মজুমদার। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৮ সালে দেশের ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল ১৪ লাখ ১৩ হাজার। এর পর থেকে প্রতি বছরের হালনাগাদে নারী ভোটারের সংখ্যা ক্রমশ কমেছে। ২০১৩ সালে হালনাগাদ শেষে দেখা যায়, নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার ২ লাখ ৯১ হাজার বেশি। ২০১৫ সালে দেখা যায়, পুরুষের তুলনায় নারী ভোটার ৭ লাখ ৪ হাজার জন কম।
৬৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান দেখা যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার ও ভোলায়। আদমশুমারি অনুযায়ী, নারী ও পুরুষের সংখ্যা কাছাকাছি। যে কারণে ভোটার তালিকার এই ব্যবধান প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠেছে, তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাননি বলেই নারী ভোটার কমে গেছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংবিধানে ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা আছে। কিন্তু নির্বাচন কমিশন ১৫ বয়সীদেরও নিবন্ধন আওতায় নিয়ে এসেছে। তাদের এই সিদ্ধান্ত বোধগম্য নয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভোটার তালিকায় নারী-পুরুষের ব্যবধান উদ্বেগজনক নয়। তবে কেন কমছে, সেটা খতিয়ে দেখা যেতে পারে। কমিশন ইচ্ছাকৃতভাবে নারীদের বাদ দিয়েছে বলে মনে হয় না। অভিজ্ঞতা বলে, পাড়াগাঁওয়ে পুরুষশাসিত সমাজে নারীরা ভোটার হতে চান না। তিনি আরও বলেন, ১৫ বছর বয়সীদের ভোটার করার আইনি ভিত্তি কী, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, এদের ভোটার করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। তবে ভোটার তথ্য ফরম ছাড়া অন্য কোনো ফরমে নিবন্ধন করা হলে সমস্যা নেই।
গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, এই নির্বাচন কমিশনের পক্ষে ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। তার চেয়ে ছাত্রলীগ-যুবলীগকে দায়িত্ব দিলে তারা অনেক ভালো নির্বাচন করতে পারবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, যে জেলায় নারী ভোটার কমেছে, সেখানে তদন্ত করে ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হতে পারে।
নারী নেত্রী সালমা খান বলেন, দক্ষিণ এশিয়ায় নারীদের গড় আয়ু বেশি। দুর্ঘটনায় নারী মারা যাচ্ছে, সেই রকম কোনো সংবাদও দেখি না। তাহলে নারী ভোটার কেন কমছে?
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ।
ভোটার তালিকা হালনাগাদ শুরু
এদিকে, আজ থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। বেলা ১১টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আজ থেকে পর্যায়ক্রমে দেশের ৫১৪ উপজেলায় তথ্য সংগ্রহ শুরু হয়ে নিবন্ধন কার্যক্রম চলবে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁরা ভোটারযোগ্য হচ্ছেন তাঁদের তথ্য সংগ্রহ করে করা হবে এবার। যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে এবার তাদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর হয়েছে তারা রয়েছে। এবারের হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিক নিবন্ধনের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের অন্তত দুই শ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করবেন। যদি কোনো ভোটারযোগ্য নাগরিককে বাড়িতে পাওয়া না যায়, তাহলে তাঁর ফোন নম্বর নিয়ে আসার জন্য কমিশনের পক্ষ থেকে তথ্য সংগ্রহকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।