দেশে নারী ভোটারের সংখ্যা আবারও কমে গেল। এবার ভোটার তালিকা হালনাগাদে নারী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৩৭০ জন। অন্যদিকে, পুরুষ নিবন্ধিত হয়েছেন ২৬ লাখ ২৫ হাজার ৮০৬ জন। নারীর চেয়ে পুরুষের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৪৩৬ বেশি।
তবে নারী ভোটার কমে যাওয়ার এই হার আদমশুমারির হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৬ লাখের বেশি। এর মধ্যে নারী ৭ কোটি ৪৭ লাখ ও পুরুষ ৭ কোটি ৪৯ লাখ।
নির্বাচন কমিশন (ইসি) আজ শুক্রবার হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। প্রাথমিকভাবে ৪৬ লাখ ৭২ হাজার ১৭৬ জন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে। এই তালিকা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয় এবং সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রাখা হবে। এ ছাড়া প্রথমবারের মতো তালিকা ইসির ওয়েবসাইটে (www.ec.org.bd/ www.ecs.gov.bd) প্রকাশ করা হবে। গতকাল ইসি সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০১৩ সালেও পুরুষের তুলনায় নারী ভোটার কম নিবন্ধিত হয়েছিলেন। সেবার সারা দেশে মোট ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন। নারী ছিলেন ২৮ লাখ ১৮ হাজার ৬৩৮ জন এবং পুরুষ ৪১ লাখ ১১ হাজার ৬৬৫ জন। নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি ছিলেন ১২ লাখ ৯৩ হাজার ২৭ জন।
২০০৮ সালে প্রথমবারের মতো তৈরি হওয়া ছবিসহ ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল। সেবার মোট ভোটার ছিলেন ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। নারী ৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯, পুরুষ ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন। নারী ভোটারের সংখ্যা বেশি ছিল ১৪ লাখ ১৩ হাজার ৬০০।
খসড়া হিসাব অনুযায়ী, এবার হালনাগাদ শেষে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০৬। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ৭১৭ জন এবং নারী ৪ কোটি ৭৭ লাখ ৪০ হাজার ৯৮৯ জন। নারীর চেয়ে পুরুষ ভোটার ৭ লাখ ২১ হাজার ৭২৮ জন বেশি।
নারী ভোটার কমে যাওয়ার কারণ সম্পর্কে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন প্রথম আলোকে জানান, এ বিষয়ে কয়েক দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়া হবে।
তবে এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, বয়স কমিয়ে বলার প্রবণতা, জন্মনিবন্ধন সনদ সংগ্রহে এবং নিবন্ধন কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অনাগ্রহের কারণে নারীদের অনেকে ভোটার তালিকার বাইরে থেকে যাচ্ছেন।
খসড়া তালিকায় অন্তর্ভুক্তি, সংশোধন, স্থানান্তর ও নাম বাদ যাওয়ার ব্যাপারে কারও কোনো আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে সে বিষয়ে সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ ২২ জানুয়ারির মধ্যে আপত্তির নিষ্পত্তি করবে। এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সচিব সিরাজুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ভোটার তালিকায় রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এ জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কারও জানামতে খসড়া তালিকা কোনো রোহিঙ্গা ভোটার থাকলে তা সংশোধনকারী কর্তৃপক্ষকে জানাতে পারবে।
রোহিঙ্গা ভোটারের অন্তর্ভুক্তিতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে সচিব জানান, বিষয়টি তদন্তাধীন।