নারী ভোটারের সারি ছিল সারা দিন
সকাল নয়টা। নবাবগঞ্জ আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্র। এক সারিতে অন্তত ১০০ নারী ভোটার। পুরুষদের লাইনে ১০-১২ জন। বেলা তিনটা। নারীদের দুটি সারিতে প্রায় ২০০ ভোটার। পুরুষ সারিতে ভোটার বড়জোর ৪০ জন।
নবাবগঞ্জ নির্বাচন কমিশন থেকে জানানো হলো, এখানে এটাই স্বাভাবিক চিত্র। এই উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার প্রায় ১০ হাজার বেশি। তার ওপর প্রবাসী অধ্যুষিত এলাকা বলে পুরুষদের একটা অংশ বিদেশে থাকে। এখানে দুই লাখ ২৭ হাজার ভোটারের মধ্যে নারী এক লাখ সাড়ে ১৮ হাজার। রাজধানী ঢাকার পাশের দুই উপজেলা নবাবপুর ও দোহারে এই নারী ভোটাররাই ছিলেন নির্বাচনের প্রাণ।
অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠরাও ভোট দিতে এসেছেন। বেলা পৌনে ১১টার দিকে দোহারের কুসুমহাটী স্বাস্থ্যকেন্দ্রে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে আসেন ৮৫ বছরের জমিলা খাতুন। এর আগে সকাল ১০টার দিকে নবাবগঞ্জ হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে দেখা যায় স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় নিথর প্রবীণ ভোটার অনিমেষ অধিকারীকে। দুই প্রবীণেরই এক বক্তব্য, আর যদি ভোট দিতে না পারেন!
নবাবগঞ্জ এবং দোহার দুই উপজেলার অনেক কেন্দ্রেই দুপুরে ভোটারের সংখ্যা খুব কম ছিল। দায়িত্বরতরা বলেন, নামাজ ও দুপুরের খাবারের সময় হওয়ায় ভোটার কম ছিল।
বেলা পৌনে একটার দিকে দোহার সুতারপাড়া আবদুল হামেদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে কোনো বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন না। উপস্থিত ভোটাররা ভোট দিতে না পেরে বাড়ি ফিরে যান।
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা নূরুল আমিন হাওলাদার বলেন, তাঁরা বিশেষ প্রয়োজনে বাইরে গেছেন।
নির্ধারিত সময় চারটার পরও নবাবগঞ্জ হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২০ জনের মতো মহিলা ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন। দোহারের নারিশা পশ্চিমচর উচ্চবিদ্যালয়ে চারটা ৪০ মিনিটে সাতজনের মতো ভোটার ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী বিকেল চারটার মধ্যে লাইনে দাঁড়ালে তিনি ভোট দিতে পারবেন। তাই তাঁদের ভোট নেওয়া হয়েছে।
দুটি কেন্দ্র স্থগিত: বেশির ভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীদের কিছু সমর্থকের মধ্যে সংঘর্ষের কারণে কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঝিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
দড়িকান্দা কেন্দ্রে বেলা দেড়টার দিকে বিএনপির সমর্থকেরা বুথে ঢুকে পড়ে সিল দেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সমর্থকেরাও ঢুকে পড়ে। তবে টহলরত সেনাসদস্য ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে যায়। পরে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বেলা আড়াইটার দিকে মাঝিরকান্দা কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সমর্থকেরা পাঁচটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকে। ঝিলুর ঘনিষ্ঠ নাসির উদ্দিন ওরফে পান্নু এতে নেতৃত্ব দেন। পুলিশ এ সময় তাদের সহায়তা করে বলে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন। পরে প্রিসাইডিং কর্মকর্তা ও অন্যরা বাধা দিলে পান্নুর লোকেরা চারটি বই নিয়ে সরে পড়েন। ফেলে যাওয়া বইটির ৭৯টি পাতা সিল মারা ছিল বলে কেন্দ্র থেকে জানানো হয়।
সাংবাদিকেরা ছবি তুলতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। বিকেল তিনটা ৪০ মিনিটে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও জেলা নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে এসে কেন্দ্রটি স্থগিত করেন। পুলিশের ভূমিকাসহ ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। দোহারের বানাঘাটা কেন্দ্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে খাবার বিতরণের সময় ভ্রাম্যমাণ আদালত একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেন।