নারী মুক্তিযোদ্ধাকে গাভি ও অর্থ দিল জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একজন অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাঁকে একটি গাভি ও নগদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
হতদরিদ্র ছাপাতন বেওয়ার (৬৫) বাড়ি উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মো. আবদুস সামাদ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে গাভি ও নগদ অর্থ তুলে দেন।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব। বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার বানু প্রমুখ।
জেলা প্রশাসনের সহায়তা পেয়ে ছাপাতন বেওয়া আনন্দে কাঁদতে শুরু করেন। তিনি বলেন, একাত্তর সালে পাকিস্তানি সেনারা তাঁর এক মাস বয়সের শিশুকে কোল থেকে কেড়ে নিয়ে লাথি মেরেছিল। তাঁর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। কিন্তু স্বাধীনতার এত দিন পরও সরকারের কাছ থেকে তিনি কিছু পাননি।