নারী মুক্তিযোদ্ধাদের সম্মান না দেখানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের বিরুদ্ধে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধাদের সম্মান না দেখানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন নারী মুক্তিযোদ্ধারা।
এর প্রতিবাদে নারী মুক্তিযোদ্ধারা ভবিষ্যতে প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
উপজেলা প্রশাসন ও এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন ইউএনও মাশহুদুল কবীর। প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সামাদ, এলাকার নারী মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, পুষ্পরানী সূত্রবধ্য ও সাবিত্রী নায়েক। অনুষ্ঠানে অতিথিসহ সব আলোচকেরা এ নারী মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গনা বলে সম্বোধন করেন।
অনুষ্ঠান শেষে তাঁরা এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, তাঁদের অনুষ্ঠানে ডেকে এনে যথাযথ সম্মান দেখানো হয়নি।
নারী মুক্তিযোদ্ধা পুষ্পরানী বলেন, ‘সবচেয়ে বেশি খারাপ লাগে যখন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সামাদও বীরাঙ্গনা বলে সম্বোধন করেন। আমরা সব নারী মুক্তিযোদ্ধা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সব অনুষ্ঠান বর্জন করব।’
এ ব্যাপারে আবদুস সামাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ইউএনও জানান, অনুষ্ঠানে একজন বক্তা অনিচ্ছাকৃতভাবে তা বলেছিলেন সত্য। এর জন্য তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছেন ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা নারী মুক্তিযোদ্ধা, তাঁদের সবার সম্মান করা উচিত।