নারী মেয়র প্রার্থীকে বাধা
কক্সবাজার পৌর নির্বাচনে একমাত্র নারী মেয়র পদপ্রার্থী রোকসানা পারভীন (স্বতন্ত্র থেকে কাপ-পিরিচ প্রতীক) গণসংযোগকালে শিবির ক্যাডারদের দ্বারা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দা আবদুল জলিল ও আজম উল্লাহ জানান, গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে শহরের বিমানবন্দরের পশ্চিমে সমিতিপাড়া বাজারে রোকসানা পারভীন পথসভা করছিলেন। রোকসানা যখন বক্তৃতা দিচ্ছেন, তখন ১০-১২ জন যুবক তাঁর পেছন থেকে ইট-পাটকেল ছোড়ে। বেশ কয়েকটি ইটের টুকরো তাঁর গায়ে এসে লাগে। এর আগে গতকাল বেলা আড়াইটার দিকে পৌরসভার বিডিআর ক্যাম্প এলাকায় গণসংযোগ চালানোর সময় পাঁচ-ছয়জন শিবির ক্যাডার তাঁর গতি রোধ করে নির্বাচনী প্রচারণা না চালিয়ে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এ সময় ক্যাডাররা বলে, ‘আপনি এলাকায় সরওয়ার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আপনি এসব বন্ধ করেন। অন্যথায় মারধর করা হবে বলে হুমকি দেয় তারা। আগের দিন পৌরসভার তারাবনিয়াছড়ায় একই রকম ঘটনা ঘটে।’ রোকসানা পারভীন অভিযোগ করেন, চারদলীয় জোটের মেয়র পদপ্রার্থী ও জামায়াত নেতা সরওয়ার কামালের (তালা) নির্দেশে শিবির ক্যাডাররা তাঁর পিছু নিয়েছে। জানা গেছে, সরওয়ার কামাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে (পাঁচ বছর আগে) দ্বিতীয় স্ত্রী হিসেবে রোকসানাকে বিয়ে করেন। দুই বছর সংসার করার পর তাঁরা বিচ্ছিন্ন হয়ে যান। মেয়র পদপ্রার্থী সরওয়ার কামাল বলেন, ‘একটি চক্র তাঁকে (রোকসানাকে) মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে নামিয়ে দিয়ে আমার জনপ্রিয়তা ক্ষুণ্ন করার চক্রান্ত করছে। শিবির ক্যাডার লেলিয়ে দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।’