নারী যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণ করতে ইতিহাদকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাদ এয়ারওয়েজ

নারী যাত্রীদের প্রতি অধিক সতর্কতার সঙ্গে সম্মানজনক আচরণ করতে ইতিহাদ এয়ারওয়েজকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১০ বছর আগে বাংলাদেশের দুজন নাগরিককে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষের বিরুদ্ধে করা রিটের পূর্ণাঙ্গ রায়ে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই নির্দেশ দিয়েছেন।

২০১১ সালের ২৮ জুন আবুধাবি এয়ারপোর্টে হয়রানি/নির্যাতন/আটকের ঘটনায় ইতিহাদ কর্তৃপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক তানজিন বৃষ্টি ওই বছরই রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৪ জুলাই হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি শেষে গত ৮ অক্টোবর হাইকোর্ট রায় দেন।

১৯২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় হাতে পেয়েছেন জানিয়ে রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদনে স্পষ্ট যে ইতিহাদ এয়ারওয়েজের কর্মকর্তা-কর্মচারীরা রিট আবেদনকারী ও তাঁর মায়ের সঙ্গে অন্যায় আচরণ করেছেন ও বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন বলে রায় উল্লেখ করা হয়েছে। রায়ে ১২টি নির্দেশনা রয়েছে।’

রায়ে বলা হয়, বর্তমান বিশ্বে যাত্রী ও পণ্য দ্রুত পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম আকাশপথ, সেহেতু আকাশ পরিবহন সংস্থা এবং যাত্রী সাধারণের মধ্যকার দায়দায়িত্ব আরও বেশি সহজ-সরল, সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হওয়া উচিত। বিশেষ করে সাধারণ যাত্রী ও সাধারণ পণ্য মালিককে সুরক্ষা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিশাল বিমান সংস্থার সামনে সাধারণ যাত্রী নিতান্তই অসহায়। সেহেতু আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) প্রধান উদ্দেশ্য এবং কাজ হবে সাধারণ যাত্রীরা যেন তাঁর অধিকার কিংবা ক্ষতিপূরণ আদায়ে কোনো ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন না হয়, সেটি দেখা। আকাশ পরিবহন কার্যক্রম পরিবহন সংস্থার লাভের জন্য নয়। বরং এটি আন্তর্জাতিক পর্যায়ের ভ্রমণকারীদের সেবা দেওয়ার লক্ষ্যে পরিচালিত।

হাইকোর্ট রিট আবেদনকারী বাংলাদেশের নাগরিক তানজিন বৃষ্টি ও তাঁর মা নাহিদ সুলতানা যুথীকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে ইতিহাদ এয়ারওয়েজকে নির্দেশ দিয়েছেন। রায়ের অনুলিপি পাওয়ার পরবর্তী মাস থেকে ২০টি সমান মাসিক কিস্তিতে ক্ষতিপূরণের ওই টাকা ইতিহাদ এয়ারওয়েজকে দিতে বলা হয়েছে।