নারী রোগীর সঙ্গে চিকিৎসকের অসদাচরণ, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীর সঙ্গে সার্জিক্যাল বিভাগের একজন চিকিৎসকের অসদাচরণের অভিযোগ উঠেছে। অসদাচরণের সময় ওই রোগী তাঁর বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছেন বলেও অভিযোগ করেছেন।ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া ওই চিকিৎসককে হাসপাতালে যেতে নিষেধ এবং তাঁকে বদলির জন্য ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।জানা গেছে, জামালপুর শহরের পাথালিয়া এলাকার একজন দরিদ্র রিকশাচালকের নববধু (২০) তাঁর বুকের টিউমার অপসারণের জন্য ১৬ জানুয়ারি জামালপুর জেনারেল হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হন। গত বুধবার তাঁর দেহে সফল অস্ত্রোপচার হয়। এর পাঁচ দিন পর গত রোববার বেলা দুইটার দিকে ওয়ার্ডে দায়িত্ব পালনরত সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার এ এম জেড কাদির রোগীকে ড্রেসিংয়ের জন্য তাঁর কক্ষে নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে কোনো সেবিকা (নার্স) ছিলেন না। ড্রেসিংয়ের সময় চিকিৎসক তাঁর সঙ্গে অসদাচরণ শুরু করলে রোগী চিকিৎসকের বুকে লাথি মারেন। এ সময় কক্ষের ভেতরে দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে রোগী তাঁর বাঁ হাতে গুরুতর আঘাত পান। রোববার রাতে রোগী তাঁর মায়ের কাছে ঘটনা খুলে বলেন। নির্যাতনের শিকার ওই রোগী গত সোমবার দুপুরে জেলার ডেপুটি সিভিল সার্জন মোশায়ের উল ইসলামসহ কয়েকজন চিকিৎসকের কাছে মৌখিকভাবে চিকিৎসক কাদিরের বিরুদ্ধে অভিযোগ করেন।সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে গতকাল মঙ্গলবার ঘটনা তদন্ত করার জন্য হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। ওই কমিটির অন্য দুজন সদস্য হলেন প্রসূতী বিশেষজ্ঞ চিকিৎসক মো. শফিকুল ইসলাম ও চিকিৎসা কর্মকর্তা ফেরদৌস হাসান। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে। সিভিল সার্জন বলেন, সরকারি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানের একজন চিকিৎসকের অসদাচরণ প্রকাশ পাওয়ায় ওই চিকিৎসককে এখানে রাখা আর ঠিক হবে না। তাই তাঁকে এখান থেকে বদলিসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।