নারী লাঞ্ছনাকারীদের রুখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষে নারী লাঞ্ছনার প্রতিবাদে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা l প্রথম আলো
নববর্ষে নারী লাঞ্ছনার প্রতিবাদে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা l প্রথম আলো

ছাত্র ইউনিয়নের ঘেরাও কর্মসূচিতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। একই সঙ্গে বর্ষবরণের দিন নারী লাঞ্ছনাকারীদেরও খুঁজে বের করার দাবি জানিয়েছে কমিটি।
এই দাবিতে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে সামাজিক প্রতিরোধ কমিটি। প্রায় দেড় ঘণ্টা ধরে মানববন্ধন ও সমাবেশ চলে। এ সময় ‘নারী লাঞ্ছনাকারীদের রুখো, প্রতিবাদকারীদের নয়’, ‘নারী নির্যাতনবিরোধী সংস্কৃতি গড়ে তোল’, ‘নারীর ওপর হামলা কেন, পুলিশ প্রশাসন জবাব চাই’, ‘যৌন নিপীড়নকারীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে’, ‘নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘নিরাপদ নগরী নির্ভয় নারী’, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি পালন করা গণতান্ত্রিক অধিকার’ ইত্যাদি লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মহিলা পরিষদ, ব্র্যাক, আইন ও সালিস কেন্দ্র (আসক), কেয়ার বাংলাদেশ, কর্মজীবী, নারী প্রগতি সংঘ, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম জিবি, অ্যাকশনএইড, মহিলা মুক্তিযোদ্ধা সংসদ, গণসাক্ষরতা অভিযান, ওয়ার্ল্ড ভিশন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রশিকা, আদিবাসী ফোরাম, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করিসহ মোট ৬৮টি বেসরকারি সংস্থা ও নারী সংগঠনের কয়েক শ প্রতিনিধি গতকালের কর্মসূচিতে যোগ দেন। সমাবেশে বিভিন্ন সংগঠনের ১৫-২০ জন প্রতিনিধি বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফাওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘পয়লা বৈশাখে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল। আমরা সেই ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছিলাম। বিচার হয়নি। যারা এ ঘটনার প্রতিবাদ করার চেষ্টা করছিল, তাদের ওপরও নিপীড়ন করা হলো। আমরা আজ আবার তার বিচার চাইতে এসেছি।’
ফাওজিয়া বলেন, ‘নববর্ষের নিপীড়নের ঘটনার পর আমরা পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম। তিনি সময় দেননি। তার মানে কি তিনি আরও খারাপ ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এ ঘটনার বিচার চাই। যেই পুলিশ সদস্যরা নারী নিপীড়ন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সমাবেশে জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাংসদ শিরীন আখতার বলেন, ‘যেই পুলিশ সদস্যরা সেদিন নারী নিপীড়ন করেছে, ছবি দেখে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। এই তো সেই পুলিশ, যারা বিএনপি-জামায়াতের পেট্রলবোমা হামলার শিকার। কিন্তু তাদের মধ্যে এরা কারা, যারা নারী নিপীড়ন করে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিচার হতে হবে।’
নারী প্রগতি সংঘের রোকেয়া কবির বলেন, ‘নারী নিপীড়নকারীদের ধরতে পারে না পুলিশ। ব্লগার খুন হয়, ধরতে পারে না পুলিশ। পুলিশের ব্যর্থতার কারণেই দেশে জঙ্গিবাদ বাড়ছে। এই পুলিশ প্রশাসন দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়।’
বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বেশ কয়েকজন নারী লাঞ্ছনার শিকার হন। ওই ঘটনার সঙ্গে জড়িতরা কেউ গ্রেপ্তার না হওয়ায় গত রোববার ঢাকা মহানগর পুলিশের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেয় ছাত্র ইউনিয়ন। কিন্তু মিছিলটি কাকরাইল মসজিদের পাশ দিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে (সার্কিট হাউস রোড-সংলগ্ন) পৌঁছালে একপর্যায়ে পুলিশ সেখানে তাদের পেটায়। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা একজন ছাত্রীকে নিপীড়ন করে। ধাওয়া খেয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্রীটিকে চুলের মুঠি ধরে টেনে বের করে পেটায় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে গতকাল মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে ৬৮টি সংগঠন ও বেসরকারি সংস্থা।