নারী লাঞ্ছনার দায় প্রশাসন এড়াতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডভোকেট সুলতানা কামাল
অ্যাডভোকেট সুলতানা কামাল

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন ‘নারী লাঞ্ছনার দায় প্রশাসন এড়াতে পারে না। অথচ সবাই এর দায় এড়িয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনা ও ওই ঘটনার প্রতিবাদকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল শনিবার সকালে পিরোজপুরে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে সুলতানা কামাল এসব কথা বলেন। জেলা শহরের ক্লাব সড়কে ‘পাল্টা আঘাত’ নামের একটি সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে নয়টা থেকে এক ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে নানা শ্রেণিপেশার কয়েক শ মানুষ অংশ নেন।
সুলতানা কামাল আরও বলেন, ‘টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে সুরক্ষা দেওয়ার প্রয়োজন বেশি ছিল। সেখানে সুরক্ষা দেওয়া হয়নি। পুলিশের উপস্থিতি ছিল কম। আর এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানে প্রচুরসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। অথচ সেখানে পুলিশের প্রয়োজন ছিল না। অনেক রক্তের বিনিময়ে এ দেশ পেয়েছি। যেকোনো মূল্যে এ দেশ দুর্বৃত্ত ও মৌলবাদীদের হাত থেকে রক্ষা করতে হবে।’
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পিরোজপুর শাখার সভাপতি তপন বসু, সাধারণ সম্পাদক দিলীপ কুমার পাইক, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, মানবাধিকার কমিশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন পোদ্দার, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু প্রমুখ। কর্মসূচি শেষে দুপুরে সুলতানা কামাল টিআইবির পিরোজপুর কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন।