নারী লাঞ্ছনার দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার রাজধানীর দনিয়ার রসুলপুরে এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগে মো. দিদার (৩০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
র‌্যাব সূত্র জানায়, অভিযুক্ত দিদার ও এক নারী একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকেন। কিন্তু দিদার প্রায়ই সেই নারীকে উত্ত্যক্ত করতেন। র‌্যাবের কাছে এ অভিযোগ আসার পর গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় ওই নারীকে মারধরের অভিযোগে দিদারকে আটক করা হয়। দিদার তাঁর প্রতিবেশী নারীকে অভিযোগের সত্যতা স্বীকার করায় আদালত তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি ও একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছে।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, এর আগে দিদার লিফটের ভেতরে ওই নারীকে দুবার ধর্ষণের চেষ্টা করেন।