নারী লাঞ্ছনার প্রতিবাদে দিনভর নানা কর্মসূচি
বর্ষবরণের উৎসবের দিন বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শুক্রবার দিনভর নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
সকালে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘প্রতিবাদী ব্যঙ্গচিত্র’ প্রদর্শন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঁকিয়েরা। এর পরই রাজু ভাস্কর্যে মানববন্ধন করে ‘এঙ্গেজ ম্যান অ্যান্ড বয়েজ নেটওয়ার্ক’, ‘ব্রেভ ম্যান ক্যাম্পেইন’ ও ‘সিএমএমএস’। বিকেলে একই স্থানে ছাত্র-শিক্ষক ও জনতা সংহতি সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সংহতি সমাবেশে ‘দায়িত্ব পালনে ব্যর্থ’ প্রক্টরের অপসারণসহ ছয় দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো যৌন নিপীড়নকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত ও বিচার, বিশ্ববিদ্যালয়ের কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা, হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়ভাবে নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন করা।
এসব দাবিতে আজ শনিবার মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন, কাল রোববার সারা দেশে বিক্ষোভ ও সংহতি সমাবেশ, সোমবার বেলা ১১টায় অপরাজেয় বাংলা থেকে কার্জন হল পর্যন্ত মানববন্ধন ও পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে ছাত্র ইউনিয়ন।
সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, স্বাধীন দেশে নারী লাঞ্ছনার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হচ্ছে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, সিসি ক্যামেরার ফুটেজে শ্লীলতাহানির কোনো কিছুই দেখা যায়নি। তাঁরা সত্য ও যৌন নিপীড়নকে অস্বীকার করেছেন। তাঁরা যৌন নিপীড়ক ও অপরাধীদের সহযোগী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরনের ঘটনায় প্রশাসন বলছে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কোনো দায়িত্ব পালন করেনি। তবে জনগণের টাকা খরচ করে পুলিশের দরকার কী?
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তারের সঞ্চালনায় ও সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ এ এন রাশেদা, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল কাফী, আইনজীবী জেনিফার জাব্বার, বিপ্লবী নারী সংহতির সমন্বয়ক শ্যামলী শীল, মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী শায়ান, অভিনয়শিল্পী বাঁধন প্রমুখ।
এই সংহতি সমাবেশ চলার সময় টিএসসির সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দছের সভাপতিত্বে একটি প্রতিবাদী সমাবেশ হয়।
বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের দিনে নারী লাঞ্ছনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট।