নারী লাঞ্ছনার প্রতিবাদে সমাবেশ
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে নোয়াখালীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল শনিবার নোয়াখালী টাউন হল চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।
বিকেল পাঁচটায় সংগঠনের সদস্যরা টাউন হল মোড় থেকে কালো পতাকা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদীচী শিল্পীগোষ্ঠী, নোয়াখালী আবৃত্তি একাডেমি, দিবা সঙ্গীত একাডেমি, স্বজন কালচারাল ক্লাবসহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা মিছিলে অংশ নেন।
পরে টাউন হল মোড়ে শহরের প্রধান সড়কের পাশে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি বিমলেন্দু মজুমদার। সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মাহবুব) যুগ্ম আহ্বায়ক শ্যামল কান্তি দে, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের হাবীব ইমন, জাতীয় কবিতা পরিষদের নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।