নারী শিক্ষা-উন্নয়নে কাজ করবেন দুজন, অসমাপ্ত কাজ শেষ করবেন অন্যজন

‘আমি কাউন্সিলর নির্বাচিত হলে বেশি কাজ করব এলাকার নারীদের উচ্চশিক্ষার জন্য।’ গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামপুর রোড এলাকায় নির্বাচনী প্রচারণার ফাঁকে প্রথম আলোকে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ১৬ নম্বর আসনের কাউন্সিলর প্রার্থী হাসনা বেগম। কোনো সংখ্যা উল্লেখ না করে তিনি বলেন, তাঁর নির্বাচনী আসনের ২০টি মহল্লায় তিনিসহ উচ্চশিক্ষা লাভ করেছেন হাতে গোনা মাত্র কয়েকজন নারী।
সংরক্ষিত এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। হাসনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ঢাকা জেলা দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কাজ করছেন। তাঁর প্রতীক গ্লাস। এ আসনে আওয়ামী লীগ-সমর্থিত নাছিমা আহমেদ ‘পানপাতা’ প্রতীক এবং মনি বেগম ‘স্টিলের আলমারি’ প্রতীক নিয়ে হাসনার বিরুদ্ধে লড়ছেন।

হাসনা বলেন, ‘আমার জন্ম পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনে। রাজধানীর অন্যান্য এলাকা থেকে আমার এলাকার নারীরা পড়াশোনায় অনেক পিছিয়ে রয়েছে। অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে অনেকের।’
গতকাল বিকেলে বি কে দাস রোড, মালাকার টোলা লেন, ফরাশগঞ্জ রোড ও তুনগঞ্জ লেনে গণসংযোগ করেন মণি বেগম। বি কে দাস রোড এলাকায় গণসংযোগ চলাকালে সাবেক এ কাউন্সিলর বলেন, ‘নারীর ক্ষমতা’ কাগজে-কলমে থাকলেও বাস্তব সমাজে নেই। প্রতিনিয়ত পরিবারে নির্যাতিত হচ্ছেন নারী। তিনি এলাকার ‘অসমাপ্ত উন্নয়ন’ কাজ সমাপ্ত করতে আরেকবার জনগণের ভোট চান।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মণি বেগম অভিযোগ করেন, ‘সকালে পোস্টার টাঙালে, বিকেলেই দেখি নাই। কারা যেন তা ছিঁড়ে ফেলছে।’
সূত্রাপুর এলাকায় গণসংযোগ শেষে গতকাল সন্ধ্যায় নাছিমা আহমেদ বলেন, ‘আমি নির্বাচিত হলে এলাকার অবহেলিত ও নির্যাতিত নারীসহ নাগরিকদের উন্নয়নে কাজ করব।