নারী শিশু পুলিশ সদস্যসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারী, শিশু, পুলিশ সদস্যসহ সাতজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ১৯৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৭৫।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুরে দুপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা হলেন পিকআপ ভ্যানের চালক রাসেল (২৪) ও চালকের সহকারী মোস্তফা জামান (২৫)। রাসেলের বাড়ি রংপুরে ও মোস্তফা জামানের বাড়ি গাইবান্ধায়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচাপায় বেদেনা খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে উপজেলার বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেদেনা খাতুন পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের বরাবর গ্রামের হাদিউল ইসলামের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকায় দুপুরে গরুবোঝাই ট্রাকের চাপায় জুঁই (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। সে উপজেলার রাজাপুর গ্রামের মৃত দেলোয়ার মিয়ার মেয়ে।

ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় সন্ধ্যায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য মশিউর রহমান (৩০) নিহত হন। কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা মশিউর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় কর্মরত ছিলেন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী বাজারে সকালে সড়ক দুর্ঘটনায় পথচারী মো. আরাফাত (১৮) নিহত হন। তাঁর বাড়ি লোহাগাড়া উপজেলার দরবেশ হাট এলাকায়।

সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশ মাইলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে সঞ্জিত রায় (৪০) নামের এক সাইকেলচালক প্রাণ হারান। তিনি কাঁচামাল ব্যবসায়ী। তিনি তালা উপজেলার আসাননগর গ্রামের অমল রায়ের ছেলে।