নারী, শিশু, ব্লগার-নির্বিশেষে সবার নিরাপত্তা ও আইনগত সহায়তা দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম। একই সঙ্গে যারা কথা ও কাজের মাধ্যমে মানুষের নিরাপত্তা, সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন²করবে, তাদের বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ নির্দেশ দেন বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, পুলিশ ও বিচারক উভয়েই বিচারব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। কাউকে বাদ দিয়ে ন্যায়বিচার প্রত্যাশা করা যায় না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (স্পেশাল ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) জহিরুল ইসলাম ভূঁইয়া গত তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। পর্যালোচনায় দেখা যায়, গত বছরের একই প্রান্তিকের তুলনায় আলোচ্য প্রান্তিকে মোট মামলার সংখ্যা হ্রাস পেয়েছে। আলোচিত সময়ে পুলিশ কর্তৃক বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পরিমাণ বেড়েছে। বর্তমান প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের তুলনায় ডাকাতি, দস্যুতা ও খুনের মামলার সংখ্যা কমেছে। উদ্ধারজনিত মামলার সংখ্যা বেড়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইজিপি বলেন, ‘শিশুরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। তাদের রক্ষা করা পুলিশসহ সমাজের সবার দায়িত্ব। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা নয়, সামাজিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।’ আইজিপি ধর্ষণ মামলা বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। এ ছাড়া তিনি সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রধান বিচারপতি পুলিশি তদন্ত, প্রসিকিউশন এবং বিচারকের সঙ্গে সমন্বয়ের নানা দিক তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি পুলিশ কর্মকর্তাদের সাক্ষ্য উপস্থাপনার কিছু কৌশলগত দিকনির্দেশনা দেন। এরপর তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের কিছু সমস্যা শুনে তা সমাধানের আশ্বাস দেন।