আন্দোলনের নামে নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার এবং নাশকতা সৃষ্টি করে কেউ কেউ ক্ষমতায় যেতে চায়। যারা জনগণের রক্ত নিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের প্রতিহত করা হবে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের চেরাগীপাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। হরতালের প্রতিবাদে কোতোয়ালি থানা সামাজিক প্রতিরোধ কমিটি এই সমাবেশের আয়োজন করে। গত সোমবারের মতো গতকালও নগরের বিভিন্ন এলাকায় হরতালবিরোধী সমাবেশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি, ১৪ দল, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। চেরাগীপাহাড় মোড়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। পুলিশের ওপর আক্রমণ করে ও দেশের সম্পদ ধ্বংস করে বিএনপি হরতালের ইস্যু সৃষ্টি করেছে। কোতোয়ালি থানা সামাজিক প্রতিরোধ কমিটির সমন্বয়ক আবুল মনছুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লুত্ফুর রহমান, আওয়ামী লীগের নেতা এম এ নাসের, আবু হামিদ চৌধুরী, নাছির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, মিথুন বড়ুয়া, এস কে পাল প্রমুখ। এদিকে গতকাল সকালে নগরের দারুল ফজল মার্কেট এলাকায় হরতালবিরোধী সমাবেশ করে ১৪ দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন। সাংসদ মোশাররফ বলেন, ‘খালেদা জিয়া ধ্বংসযজ্ঞ চালিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতে এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এ জন্য তাঁকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম, ন্যাপের নেতা আলী আহমদ নাজির, জাসদের নেতা জসিম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু হানিফ, গণ আজাদী লীগের নজরুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ইউনুছ গনি চৌধুরী, নগর আওয়ামী লীগের নেতা ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। নগরের বাদামতলী মোড়ে ডবলমুরিং থানা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি। সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নেতা মাহবুবুল হক মিয়া।