নারী-শিশুরা আগেই ছাড়ছে ঢাকা
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী হতে শুরু করেছে নগরবাসী। গতকাল গাবতলী বাস টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। এদের মধ্যে মহিলা যাত্রীর সংখ্যা বেশি।
পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকাল বিপুলসংখ্যক রাজধানীবাসী গাবতলী বাস টার্মিনাল থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। বরিশাল-পটুয়াখালী-বরগুনাগামী শাকুরা পরিবহনের সহকারী ব্যবস্থাপক মো. আলমাস প্রথম আলোকে বলেন, গতকাল থেকে গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেক মানুষ টার্মিনাল ছেড়েছে। ২০ সেপ্টেম্বর থেকে টার্মিনালে যাত্রীদের ভিড় আরও বাড়বে।
গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, পুরুষের তুলনায় মহিলা যাত্রীর সংখ্যা ছিল বেশি। যানজট ও ঝামেলা এড়ানোর জন্য তাঁরা আগেভাগে ঢাকা ত্যাগ করছেন।
মহিলা যাত্রী রাবেয়া খাতুন বলেন, ‘আমি রাজবাড়ীতে যাব। ঝামেলা এড়াতে আগেভাগেই ঢাকা ত্যাগ করছি।’ একই কথা বলেন পুলিশের উপসহকারী পরিদর্শক হাবীব। তিনি বলেন, ‘আমি আমার পরিবারকে গতকাল পটুয়াখালীতে পাঠিয়ে দিচ্ছি।’
সোহাগ, হানিফ, দিগন্ত পরিবহনসহ অধিকাংশ বাস পরিবহনের কাউন্টারে ছিল যাত্রীদের ভিড়। সোহাগ কাউন্টারের বুকিং ক্লার্ক আবদুল্লাহ বলেন, ঈদ উপলক্ষে ঘরে ফিরতে শুরু করেছে লোকজন। গত বৃহস্পতিবার থেকে যাত্রীদের ভিড় বেড়ে চলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ি যশোর। আগেই হানিফ পরিবহনে টিকিট কেটে রেখেছিলাম। আমার বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। তাই বাড়ি যাচ্ছি। আমার বন্ধুরাও বাড়ি যাচ্ছে।’