নারী শিশুসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের প্রাচীরসংলগ্ন এলাকায় পাতা ও লাকড়ি কুড়াতে গিয়ে গতকাল শনিবার সকালে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন নারী, শিশুসহ চারজন। আহতদের সাভার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।আহতরা হলেন আশুলিয়ার কুটুরিয়া গ্রামের সমির শীলের স্ত্রী মঞ্জু রানী শীল (৩২), আবদুল করিমের স্ত্রী ফাতেমা বেগম (৩০) ও তাঁর মেয়ে ফেরদৌসী আক্তার (১০) এবং একই গ্রামের জমিলা বেগম (৩২)।আশুলিয়া থানার পুলিশ জানায়, এক শিশু ও তিন নারী গতকাল সকাল সাড়ে নয়টার দিকে প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের ভেতরে পাতা ও লাকড়ি কুড়াতে যান। এ সময় চারটি ককটেলসহ একটি ব্যাগ কুড়িয়ে পান তাঁরা। কুড়িয়ে পাওয়া ওই ককটেলের একটিতে আঘাত করলেই তা বিস্ফোরিত হয়ে চারজন আহত হন।ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি বিভাগে চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।গণস্বাস্থ্য হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক রাজীব আহাম্মেদ জানান, বিস্ফোরণে মঞ্জু রানীর ডান হাতের কয়েকটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ফাতেমা আঘাত পেয়েছেন দুই হাতে আর তাঁর মেয়ে দুই পায়ে। অপরজনের আঘাত খুবই সামান্য।মঞ্জু রানী জানান, ব্যাগে কৌটার মতো চারটি বস্তু ছিল। ফাতেমা সেখান থেকে একটি কৌটা বের করে তাতে দা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে সেটি ফেটে যায়। এর পরই তাঁরা আহত হন।ঘটনার পর পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় যোগাযোগ করা হলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ বোমা বিস্ফোরণে চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।আবদুর রশীদ জানান, কোনো অভিযোগ না পাওয়ায় মামলা করা হয়নি।