নারী-শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই পাচারকারী গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ পাচারকারী সন্দেহে বাগেরহাট শহরের নতুন কোর্ট এলাকার একটি যাত্রীছাউনি থেকে গতকাল সোমবার সকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কবল থেকে নারী ও শিশুসহ ৩১ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের মো. আবদুল হাকিম খান (৫২) ও সুরুবাজকাঠি গ্রামের অলি গাজী (২৫)।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা ওই ৩১ জনকে অবৈধ পথে ভারতে নেওয়ার জন্য যাত্রীছাউনিতে বেনাপোলগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। উদ্ধার করা ব্যক্তিদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুরের জিয়ানগর উপজেলার বিভিন্ন গ্রামে। তাঁদের একজন জানান, তাঁর বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামে। তাঁর কোনো পাসপোর্ট নেই। তাঁকে পাচার করা হচ্ছিল না। তিনি কর্মসংস্থানের জন্য ভারতের বেঙ্গালুরুতে যেতে আবদুল হাকিম ও অলির সঙ্গে চার হাজার টাকায় চুক্তি করেছিলেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শেখ ইমান আলী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার ও উদ্ধার করা ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।