নারী শ্রমিক ও নতুন ভোটার হবেন নিয়ামক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটারসংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে নতুন ভোটারই এক লাখ ৩৮ হাজার ৫০০ জন। মোট ভোটারের মধ্যে নারীর সংখ্যা চার লাখ ৯৯ হাজার ১৬১ জন।

ভোটারদের মধ্যে টঙ্গী ও গাছা এলাকায় প্রায় আড়াই লাখ পোশাকশ্রমিক রয়েছেন। এঁদের প্রায় ৮০ শতাংশই নারী। নতুন ভোটার ও নারী পোশাকশ্রমিক মিলিয়ে প্রায় চার লাখ ভোটার এবারের সিটি করপোরেশন নির্বাচনে বড় ভূমিকা পালন করবেন বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আয়েশ উদ্দিন।

তাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত মো. আজমত উল্লা খান ও বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত এম এ মান্নানও নির্বাচনী প্রচারে ওই দুই শ্রেণীর ভোটারদের মন জয় করতে বিশেষভাবে চেষ্টা করছেন। মান্নানের ছেলে ও তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঞ্জুরুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘নতুন ভোটারদের লক্ষ্য করেই আমরা ফেসবুকে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনী প্রচারে নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এগুলো নতুন ভোটারদের আকর্ষণ করবে বলে আমার বিশ্বাস।’

আজমত উল্লার পক্ষে ওয়েবসাইট না থাকলেও ফেসবুকে প্রচারণা চলছে বলে জানান তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সাংসদ জাহিদ আহসান।

টঙ্গী সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র মাহফুজুর রহমান কোনো প্রার্থীর ওয়েবসাইট না দেখলেও ফেসবুকে প্রচারণা দেখেছেন বলে জানান। মাহফুজ বললেন, ‘মেয়রের ভোটটা দলীয় হয়ে গেছে। তবে আমি প্রার্থী বুঝে ভোট দেব।’

নারী পোশাকশ্রমিকদের মন জয় করতে মরিয়া দুই দলই। টঙ্গীর বিসিক শিল্প এলাকা, টঙ্গী শিল্পাঞ্চল, পাগাড়, সাতাইশ, ভাদাম, গাছা, বড়বাড়ী—এসব শিল্প কারখানা অধ্যুষিত এলাকা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নারী সাংসদ ও কর্মীরা।

বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানার কর্মী মাফিয়া আক্তার জানান, আওয়ামী লীগের তিন নারী সাংসদ তিনবার এসেছিলেন ভোট চাইতে।

আওয়ামী লীগের সাংসদ অপু উকিল বলেন, ‘বিরোধী পক্ষ যাতে নারীদের ভুল বোঝাতে না পারে, সে জন্য শ্রমিকবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজর দিচ্ছি।’ বিএনপির মঞ্জুরুল মান্নান বলেন, তাঁদের দলের নারী কর্মীদের ১০টি দল কাজ করছে। সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, সাংসদ শিরিন শারমীন প্রচারণায় এসেছেন।