রাজধানীর অদূরে আশুলিয়ার নয়ারহাট এলাকার কোহিনূর স্পিনিং মিলের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় কারখানার ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালালে বেশ কয়েকজন নারী শ্রমিক আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের লাঞ্ছিত করার চেষ্টা করে।হামলার প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের ভাষ্যমতে, প্রায় এক হাজার শ্রমিক কোহিনূর স্পিনিং মিলে কাজ করতেন। যাদের অধিকাংশই শিশু। কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করেই গত ২২ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে দেয়। এরপর থেকে শ্রমিকদের বেতন পরিশোধে টালবাহানা করে যাচ্ছিল তারা।প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা জানায়, আগের ঘোষণা অনুযায়ী শ্রমিকেরা গতকাল দুপুর দুইটার দিকে কারখানার ফটকে উপস্থিত হন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর একজন কর্মকর্তা জানান, বেতন পরিশোধ সম্ভব নয়। শ্রমিকেরা গত মাসের বেতনসহ নিয়ম অনুযায়ী আরও তিন মাসের বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। বেলা সাড়ে তিনটার দিকে ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এ সময় কর্মরত আনসার সদস্যরা গুলি করার ভয় দেখিয়ে তাঁদের পিছু হটিয়ে দেন। এরপর স্থানীয় প্রভাবশালী আবদুল হামিদের নেতৃত্বে একদল লোক কারখানার ভেতর থেকে বের হয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। তারা বেছে বেছে নারী শ্রমিকদের মারপিট করে। এ সময় শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তারাও শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ নারী শ্রমিক আহত হন।হামলার প্রতিবাদে বিকেল চারটার দিকে শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। প্রায় আধঘণ্টা অবরোধের পর নয়ারহাট যানবাহন শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। পরে আশুলিয়া থানা ও শিল্প পুলিশসহ র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কোহিনূর স্পিনিং মিলের সহকারী ফিটার (যন্ত্রের কারিগর) আবদুল আলী বলেন, কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হতো। মাস চারেক আগে তুলা আমদানি কমিয়ে সুতার উৎপাদন প্রায় বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি কারখানাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।আবদুল আলী অভিযোগ করেন, কারখানা বন্ধ করে দেওয়া হলেও কয়েকজন নিরাপত্তাকর্মীসহ তাঁদের পদের বেশ কয়েকজনকে চাকরিতে বহাল রাখা হয়েছিল। কর্তৃপক্ষ তাঁদের মাধ্যমে কারখানার মূল্যবান যন্ত্র খুলে রাতের আঁধারে বাইরে নিয়ে যায়। তিনিসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মী এসব কাজে বাধা দিলে তাঁদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। কিন্তু গত মাসের বেতনসহ নিয়ম অনুযায়ী তিন মাসের বেতন দেওয়া হয়নি।হামলায় আহত কারখানার শ্রমিক হোসনে আরা অভিযোগ করেন, আবদুল হামিদ তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেছেন। তিনি আশুলিয়া থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি।এ ব্যাপারে কোহিনূর স্পিনিং মিলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে সাংবাদিকেরা কারখানার ভেতরে যাওয়ার চেষ্টা করলেও ঢুকতে দেওয়া হয়নি। ওই সময় ফটকের সামনে থাকা এক কর্মকর্তা ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করার চেষ্টা করেন।শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়ায় ঝামেলা হয়।অভিযোগ না নেওয়ার ব্যাপারে ওসি বলেন, ‘হামলা চালানোর ব্যাপারে কোনো শ্রমিক অভিযোগ দিতে চেয়েছিলেন কি না, আমার জানা নেই।’