নারী শ্রমিকদের জন্য জাপানি কোম্পানির ডরমিটরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইপিজেড এলাকায় জাপানি ইলেকট্রনিকস শিল্পপ্রতিষ্ঠান মেসার্স অপ-সিড কোম্পানি (বিডি) নারী শ্রমিকদের জন্য একটি ডরমিটরি তৈরি করেছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ ডরমিটরির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান। বাংলাদেশে ইপিজেডের কোনো শিল্পপ্রতিষ্ঠানের তৈরি এটিই প্রথম ডরমিটরি।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৭ সালের জুন মাসে যাত্রা করা কোম্পানিটিতে ১ হাজার ৮২ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে ৮০০ শ্রমিক নারী। নারী শ্রমিকদের জন্য নির্মিত ডরমিটরিতে মোট ১০৮টি কক্ষ রয়েছে। নারী শ্রমিকদের সবাই এই ডরমিটরিতে থাকতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেন, বাংলাদেশ ও জাপান দুই বন্ধুরাষ্ট্র। ২০১৪ সালে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের দেশ সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে। এই সফরের সময় দুই নেতা নারীদের সর্বক্ষেত্রে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেছিলেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, এই ডরমিটরি নির্মাণের ফলে নারী শ্রমিকদের আবাসন সমস্যার সমাধান হবে। তিনি চট্টগ্রাম ইপিজেডের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও এ ধরনের ডরমিটরি নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অপ-সিডের মূল প্রতিষ্ঠান কোহা কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ইয়াসুহিরো নাকাশিমা। উপস্থিত ছিলেন জেটরোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কেই কাওয়ানো, বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক খুরশিদ আলম, কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আখতার আলম মোস্তাফী প্রমুখ।