নারী শ্রমিকদের সংগঠিত করার বিকল্প নেই
নারী শ্রমিকদের সংগঠিত করা একটি দুরূহ কাজ। কিন্তু নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে তাদের স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সংগঠিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০-তম অধিবেশন চলাকালে পার্শ্ব অনুষ্ঠান হিসেবে ‘বিশ্ব জুড়ে শ্রমিক অধিকার আন্দোলনে নারী নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন দেশের নারী শ্রমিকনেত্রীরা এসব কথা বলেন। গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির শ্রম বিষয়ক মারফি ইন্সটিটিউট এই আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে নারী শ্রমিক নেত্রীরা বিশ্ব জুড়ে অভিবাসী শ্রমিকদের অব্যাহত আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এ ছাড়া এই আলোচনার একটি মুখ্য বিষয় ছিল বাংলাদেশের পোশাক শ্রমিকদের শ্রমের অধিকার নিয়ে অব্যাহত লড়াইয়ের কথা।
আলোচনা সভায় বাংলাদেশের সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভানেত্রী নাজমা আখতার বলেন, রক্ষণশীল ও পুরুষ শাসিত বাংলাদেশে নারী শ্রমিকদের সংগঠিত করা একটি দুরূহ কাজ। নারী শ্রমিকদের শুধু মালিক পক্ষ ও সরকারী বিরোধিতার মোকাবিলা করতে হয় তাই নয়, পরিবার ও সমাজের ভেতর থেকেও প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়। তাঁর অভিযোগ বাংলাদেশে সরকার ও গার্মেন্টস মালিকেরা একই সূত্রে গাঁথা। আইন পরিষদের অধিকাংশ সদস্যই হয় পোশাক কারখানার মালিক, অথবা কোনো না কোনো ভাবে তা থেকে ফায়দা নেয়। ফলে মালিকের অধিকার রক্ষায় সরকারের আগ্রহ বেশি। এমনকি ওয়ালমার্টের মতো বিদেশি কোম্পানি পোশাক প্রতি এক সেন্ট বাড়ানোর প্রস্তাব পর্যন্ত বাতিল করে দিয়েছে।
ইন্দোনেশিয়ার শ্রমিক নেত্রী এনি লেস্টারি বলেন, পৃথিবীর খুব কম দেশেই গৃহকর্মীদের অধিকার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এশিয়া-প্যাসিফিক ফোরাম অন উইমেন এর আঞ্চলিক নির্বাহী কেইট লাপ্পিন বলেন, নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে তাদের স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সংগঠিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। বিশ্ব জুড়ে নারী শ্রমিকদের ধর্মঘটের বিষয়টিও বিবেচনায় রাখা দরকার বলে তিনি মত প্রকাশ করেন।