নারী শ্রমিকদের হাতে প্রকৌশলী অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পের তিন মাস ধরে মজুরিবঞ্চিত ৫০ জন নারী শ্রমিক উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করে তাঁর কক্ষে এক ঘণ্টা আটকে রাখেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে। পরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালগঞ্জে এলজিইডির রুরাল মেইনটেন্যান্স প্রকল্পে (আরএমপি) ৫০ জন নারী শ্রমিক রয়েছেন। প্রতি মাসে তাঁদের দুই হাজার ৭০০ টাকা করে মজুরি দেওয়ার কথা। কিন্তু শ্রমিকেরা অভিযোগ করেন, তিন মাস ধরে তাঁদের মজুরি দেওয়া হচ্ছে না। উপজেলা প্রকৌশলী আবদুস সাত্তার আগে মাসিক মজুরি থেকে এক হাজার করে টাকা রেখে দিতেন। এ নিয়ে অভিযোগ করায় মজুরি দেওয়াই বন্ধ করে দেন। গতকাল দুপুরে ওই শ্রমিকেরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ভেতরে ঢুকে প্রকৌশলীকে গালিগালাজ শুরু করেন। পরে তাঁরা তাঁকে প্রায় এক ঘণ্টা কক্ষে আটকে রাখেন। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিনসহ অন্যরা গিয়ে নারীদের শান্ত করেন।জামালগঞ্জ সদর ইউনিয়নের শ্রমিক শাহীনা বেগম, সাচনা বাজারের ফজরি বেগম ও রোকসানা বলেন, ‘তিন মাস ধরে আমরা টাকা পাচ্ছি না। টাকার কথা বললেই তিনি (প্রকৌশলী) টালবাহানা শুরু করেন। আমরা আমাদের টাকা চাই।’ প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘মহিলারা আমাকে যেভাবে গালিগালাজ করেছে তা খুবই দৃষ্টিকটু। মনে হয়, এর পেছনে উপজেলা ভাইস চেয়ারম্যানের ইন্ধন আছে।’ মজুরি কেটে রাখা সম্পর্কে তিনি বলেন, যাঁরা কম কাজ করেছেন, তাঁদের কম দেওয়া হয়েছে। যাঁরা ঠিকভাবে কাজ করেছেন, তাঁরা টাকা পাবেন। ভাইস চেয়ারম্যান মিসবাহ্ উদ্দিন বলেন, ‘আমি কাউকে ইন্ধন দিইনি। এই নারীরা খুব দরিদ্র। ঘটনা শুনে আমি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।’