নারী শ্রমিকদের হোস্টেলের কাজ নিয়ে অসন্তোষ

কর্মরত নারী গার্মেন্টস শ্রমিকদের আবাসনের জন্য সাভারের আশুলিয়ায় হোস্টেল নির্মাণের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। রোববার সংসদ ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নারী শ্রমিকদের জন্য আশুলিয়ায় ওই হোস্টেলটি নির্মাণ করছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এটি হয়েছে ব্যয়বহুল। যেভাবে সাজসজ্জা ও খরচ করা হয়েছে, তাতে একজন শ্রমিককে সেখানে থাকতে হলে মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে হবে। একজন গার্মেন্টস কর্মীর পক্ষে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে থাকা বেশির ভাগ ক্ষেত্রেই সম্ভব নয় বলে মনে করে সংসদীয় কমিটি। এ কারণে কমিটি ক্ষোভ প্রকাশ করে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি সংসদীয় কমিটি হোস্টেলটির যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নেওয়ার সুপারিশ করে।
এ ছাড়া কমিটি উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন প্রকল্পে সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত আসনের নারী সাংসদসহ স্থানীয়ভাবে নির্বাচিত নারী সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে।
কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন ও শাহানারা বেগম বৈঠকে অংশ নেন।