নারী শ্রমিকসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে গতকাল শুক্রবার বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় নড়াইলের লোহাগড়ায় এক শিশু ও ফরিদপুরের মধুখালীতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সদর উপজেলার কদমতলা বাজারের প্রসাধনসামগ্রী ব্যবসায়ী আবুল কালাম (২৮) গতকাল দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ায় সময় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন।
তিনি সদর উপজেলার দেবনগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। আবুল কালামের ভাই কবীর হোসেন জানান, কালাম গতকাল দুপুরে খাওয়ার পানি আনার জন্য দোকান থেকে বের হয়ে সাতক্ষীরা-যশোর সড়ক পার হচ্ছিলেন। এ সময় যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগড়া (নড়াইল): লোহাগড়া-নড়াইল সড়কের লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড এলাকায় বুধবার বিকেলে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পূজা বিশ্বাস (৪) নামের এক শিশুকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে লক্ষ্মীপাশা এলাকার গোপীনাথপুর গ্রামের রবি বিশ্বাসের মেয়ে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ফরিদপুর: মধুখালী উপজেলার আড়কান্দি সেতুর ওপর বুধবার রাতে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের চাপায় চায়না বেগম নামের (২৬) এক শ্রমিক নিহত হন। তিনি উপজেলার চরশ্রীরামকান্দি গ্রামের সমীরউদ্দিন সরদারের স্ত্রী এবং আলতু খান জুট মিলের শ্রমিক ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে চায়না বেগম বাড়ি থেকে নছিমনে করে তাঁর কর্মস্থল আলতু খান জুট মিলে যাচ্ছিলেন।
পথে মধুখালী-নওপাড়া সড়কের আড়কান্দি সেতুর রেলিংয়ের সঙ্গে নছিমনটি ধাক্কা খেলে চায়না ছিটকে নিচে পড়ে যান।
পরে নছিমনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। সহযাত্রীরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।