নারী শ্রমিকের ওপর নির্যাতন, গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামে গত মঙ্গলবার বিকেলে এক নারী শ্রমিককে বেধড়ক পিটিয়ে তাঁর মাথার চুল ন্যাড়া করে দিয়েছে কয়েকজন নারী। এ ঘটনায় গতকাল বুধবার কুলিয়ারচর থানায় মামলার পর তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পুতুল বেগম, ফাতেমা আক্তার ও মনোয়ারা বেগম। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, ২০০৫ সালে স্বামীর সঙ্গে বিয়ে ভাঙার পর নির্যাতিত ওই নারী দাড়িয়াকান্দির একটি মুরগির খামারে শ্রমিকের কাজ শুরু করেন। মঙ্গলবার বিকেলে একই এলাকার পুতুল, মনোয়ারা ও তাঁর মেয়ে মিতু এবং ফাতেমা মুরগির খামারে গিয়ে ওই নারীর ওপর হামলা চালান। পুতুল বেগমের অভিযোগ, তাঁর স্বামী রূপ বাদশার সঙ্গে ওই নারীর গোপন সম্পর্ক রয়েছে। এ অভিযোগে তাঁরা ওই নারীকে পিটিয়ে মাথার চুল কেটে দেন। যন্ত্রণায় ছটফট করতে থাকলে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল বলেন, এ ব্যাপারে গতকাল নির্যাতিত ওই নারী বাদী হয়ে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ ঘটনায় পুতুল বেগম, ফাতেমা আক্তার ও মনোয়ারা বেগম নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে নির্যাতনের শিকার ওই নারী প্রথম আলোকে বলেন, ‘আমি যে মুরগির খামারে কাজ করতাম, সেটি সাময়িকভাবে বন্ধ থাকলে কিছুদিনের জন্য পাশের একটি খামারে কাজ করছি। সেখান থেকে চলে আসার পর ওই খামারমালিক তাঁর খামারে চাকরি করতে নানাভাবে চাপ দেন। এতে রাজি না হওয়ায় ওই খামারমালিকের স্ত্রী পুতুল তাঁর স্বামী রূপ বাদশার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে বলে মিথ্যা অভিযোগ করেন।’