নারী শ্রমিকের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় আইন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত গোলটেবিল বৈঠকে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার (বঁায়ে)। পাশে সাংসদ  শিরীন আখতার l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত গোলটেবিল বৈঠকে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার (বঁায়ে)। পাশে সাংসদ শিরীন আখতার l ছবি: প্রথম আলো

দেশের পোশাকশিল্পে কর্মরত ৪০ লাখ শ্রমিকের অধিকাংশই নারী। এই বিপুলসংখ্যক নারী শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে হলে তাঁদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ জন্য নতুন আইন প্রণয়নের পাশাপাশি তা শ্রম আইনে যুক্ত করা প্রয়োজন।

‘পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল মঙ্গলবার এই বৈঠক হয়। বক্তারা বলেন, নারী শ্রমিকের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ছাড়া শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কারখানায় মধ্যম সারির কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ ও শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা চালু করতে হবে।

এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং নেদারল্যান্ডস দূতাবাস গোলটেবিল বৈঠকটি আয়োজনে সহযোগিতা করেছে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন সাংসদ শিরীন আখতার, শ্রমসচিব মিকাইল শিপার প্রমুখ।

সাংসদ শিরীন আখতার বলেন, শ্রম আইনে নারীর প্রসূতিকালীন সুরক্ষা নিশ্চিত করা আছে। তবে পরিপূর্ণ যৌন স্বাস্থ্যসেবার কথা বলা হয়নি। তাই এখন প্রশ্ন হচ্ছে, যৌন ও প্রজনন স্বাস্থ্য রক্ষায় কোনো আইন করা এবং তা শ্রম আইনে যুক্ত করার প্রয়োজনীয়তা আছে কি না? আজকে বিষয়টি ভেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অভিযোগ করা তো অনেক দূরের ব্যাপার, সমাজের নারীরা যৌন স্বাস্থ্য ও যৌন নিপীড়ন শব্দটাই উচ্চারণ করতে পারেন না। কেউ অভিযোগ করলে তাঁকে ‘খারাপ মেয়ে’ বলে অপবাদ দেওয়া হয়। সংকট নিরসনে প্রতি কারখানায় দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শ্রমসচিব মিকাইল শিপার বলেন, পোশাকশিল্পের পরিবেশ ও পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার মালিকদের মানসিকতার পরিবর্তন হয়েছে। এটি এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘শ্রম আইন সংশোধন করে কর্মক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে। হয়তো বলতে পারেন—আইন আছে, প্রয়োগ নেই। এটি তো কালচার হয়ে দাঁড়িয়েছে। তবে কর্মক্ষেত্রে নারীদের ব্যাপারে আমরা সচেতন।’

নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন আইন করার বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান শ্রমসচিব। বেতন বৃদ্ধির দাবি নিয়ে সাম্প্রতিক শ্রম–অসন্তোষের বিষয়ে তিনি বলেন, ‘বেতন বৃদ্ধির প্রয়োজন আছে। তবে একটি সিস্টেম তো আছে। ২০১৯ সালের আগে মজুরি বাড়বে না। ২০১৮ সালে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হবে। আশা করছি, গতবারের মতো এবারও প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি হ্যান্ডসাম মজুরি হবে।’

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, দেশে বর্তমানে ৩ হাজার ৭০০ কারখানা উৎপাদনে আছে। এর মধ্যে ২ হাজার ২০০ কারখানা খুবই উন্নত। এসব কারখানার প্রতি তলায় ওয়েলফেয়ার কর্মকর্তা আছেন। শ্রমিকেরা যেকোনো অভিযোগ করতে পারেন। রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের নিয়ে সবাই ব্যবসা করেন, আবার গালাগালও করেন।’

গত তিন বছরে পোশাক খাতে
যে পরিবর্তন হয়েছে, তা অকল্পনীয় মন্তব্য করে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা উন্নতি করছি। আরও উন্নতি করতে চাই। এ জন্য সবার সহযোগিতা দরকার।’

ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর অ্যান্ড জেন্ডারবিষয়ক উপদেষ্টা মাশফিকা জামান সাটিয়ার বলেন, ছোট ও ঠিকা কাজ করা কারখানার অবস্থা খুব খারাপ। আইন অনুযায়ী গর্ভকালীন ছুটি পোশাক খাতে চার মাস থাকলেও সেখানে দেওয়া হয় না। কেউ ছুটিতে গেলে চাকরি থাকে না। এসব কারখানার প্রতি সরকারকে নজর দিতে হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল হোসেন বলেন, নারী শ্রমিকদের তাঁদের অধিকারের বিষয়ে সচেতন করতে হবে। এ জন্য আইন অনুযায়ী তাঁদের যেসব স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, তা লিফলেট আকারে কারখানায় দেওয়া যায়।

ওয়ার্কিং উইথ উইম্যানের দলনেতা ফারহাদীবা রাহাত খান বলেন, মাত্র ৫ শতাংশ পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।

অবশ্য এই তথ্য বাস্তবসম্মত নয় বলে তাৎক্ষণিকভাবে জানান শ্রমসচিব ও বিজিএমইএর সভাপতি।

এসএনভির ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদ আহমেদ বলেন, পোশাক কারখানায় কাজ করায় নারী শ্রমিকদের গড় বিয়ের বয়স ও আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের তেমন উন্নতি ঘটেনি।

পোশাকশ্রমিক তাসলিমা বেগম বলেন, কারখানার বাথরুম পরিষ্কার থাকে না। এ বিষয়ে কর্মকর্তাদের বললেও কাজ হয় না। কারখানায় সুপারভাইজার থাকেন পুরুষ। সে জন্য মাসিক হলেও নারীরা লজ্জায় বলতে পারেন না। তিনি বলেন, মজুরি বাড়ানো হলেও কাজের পরিমাণ আগের চেয়ে বাড়ায় অনেকেরই শারীরিক সমস্যা হয়।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি খাদিজা আক্তার বলেন, নারী শ্রমিকেরা মাসিক বিষয়ে সচেতন নন। স্যানিটারি ন্যাপকিন না থাকায় তাঁরা ঝুট কাপড় ব্যবহার করেন। এতে করে যৌন-সংক্রান্ত রোগে আক্রান্ত হন। বাড্ডা ও মিরপুরের শ্রমিকেরা এসব সমস্যায় বেশি ভোগেন।

নারী শ্রমিকদের সুরক্ষায় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার ওপর জোর দেন একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা। তিনি বলেন, মধ্যম সারির কর্মকর্তারা কারখানা পরিচালনা করেন। এই জায়গায় নারীরা যখন আসবেন, তখন পরিস্থিতির উন্নতি হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া বলেন, আইএলওর অধীনে কারখানা পরিদর্শনের জন্য ১২৫টি প্রশ্নসংবলিত একটি চেকলিস্ট করা হয়েছে। এতে স্বাস্থ্যসেবা বিষয়ে ১৩টি প্রশ্ন আছে।

তশরিফা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিম হাসান বলেন, ‘আমাদের কারখানায় মহিলা সুপারভাইজার বাড়ানোর চেষ্টা করছি। তবে সেই মহিলা কর্মকর্তা নারী ইস্যুতে সচেতন না হলে কাজের কাজ কিছু হবে না। এ জন্য মানসিকতার পরিবর্তন আনতে হবে।’

মোহাম্মদী গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দ এহতেশাম কবীর নারী শ্রমিকের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতি কারখানায় দু-তিনজন নারী সুপারভাইজার, মেয়ে নার্স এবং ওয়েলফেয়ার কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেন।

বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরের সহসভাপতি রুবিনা হোসেন বলেন, নারীদের নিজেদের এগিয়ে আসতে হবে। সমস্যাগুলো কারখানার ব্যবস্থাপকদের সাহস করে বলতে হবে। পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতে হবে। নিজের বাসা থেকে এটি শুরু করতে হবে। কথাগুলো নারীদের পাশাপাশি পুরুষদের বেলায়ও প্রযোজ্য।