নারী শ্রমিকেরা চার মাস ধরে বেতন পান না
রংপুরের বদরগঞ্জে রাস্তা রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত ৩০০ জন নারীশ্রমিক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এ কারণে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ওই নারীশ্রমিকদের পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। প্রত্যেকে দিনে ৯০ টাকা হিসাবে মাসে পান দুই হাজার ৭০০ টাকা। জানা যায়, তাঁরা গত মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসের বেতন পাননি। দামোদরপুর ইউনিয়নের নারীশ্রমিক আয়শা সিদ্দিকা বলেন, ‘চার মাস ধরি বেতন পাই না। স্যারদের বললে কয় কাজ করো, হইবে।’ আয়মোনা বেগম বলেন, ‘মাসের শ্যাষোত বেতন তুলি ছইল-পইল নিয়া খাই। চার মাস থাকি বেতন নাই। খুব কষ্টোত আছি।’ উপজেলা প্রকৌলশী আবু তালেব সরকার বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। পাওয়ামাত্রই দেওয়া হবে।’