নারী শ্রমিকেরা মজুরি বৈষম্যের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী শ্রমিকেরা সকাল-সন্ধ্যা পুরুষ শ্রমিকদের মতো কাজ করেন। কিন্তু তাঁদের মজুরি কম। বছর ঘুরে নারী দিবস আসে। তখন নারী শ্রমিকদের মজুরিবৈষম্যের শিকার হওয়ার বিষয়টি জোরেশোরে উচ্চারিত হয়। কিন্তু তাঁদের মজুরির কোনো পরিবর্তন হয় না।
গত সোমবার নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ বাজার থেকে জলঢাকা উপজেলা শহরে যাওয়ার পথে পাকা সড়কের পাশে কাঁঠালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালী গ্রামে গিয়ে দেখা যায়, তিনজন নারী শ্রমিক বোরো খেতে নিড়ানির কাজ করছেন। তাঁরা হলেন মিনতি বালা রায় (৫০), নমিকা বালা রায় (৪৫) ও সইব্যা রানী রায় (৪৮)।
জানতে চাইলে সইব্যা রানী রায় প্রথম আলোকে বলেন, ‘চাইর বিঘা জমি নেলেবার (নিড়ানি) জইন্যে ৮০০ টাকা ঠিক হইছে। এক দিনে এক বিঘার বেশি নেলা যায় না। সকাল থাকি সইন্ধা পর্যন্ত কাম করি ৭০ টাকার বেশি হয় না।’
নমিকা বালা বলেন, ‘আগোত হামার অভাব আছিল, এলা দুজন মাইনসে কাম করি, এলা মোক স্বামীর কাছত হাত পাতির নাগে না। নিজের খরচও চলে, সংসারতও দিবার পারো। হামার হাজিরা বাইড়লে কষ্টটা কম হইল হয়। বেলা উঠা–ডুবা কাম করি হাজিরা উঠে ৬০ থাকি ৭০ টাকা।’ একই কাজ করে পুরুষ শ্রমিকেরা প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা পান।
নমিকা বালা আরও বলেন, ‘মুই কামাই করি দুইটা ছাওয়াক স্কুলোত পড়াওছো। আগের মতো করি চলিলে ছাওয়াক পড়েবার পারনু না হয়।’
সম্প্রতি জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের গুড়গুড়ি গুয়াবাড়ি গ্রামে দেখা যায়, দল বেঁধে আঁটি থেকে ধান ঝরাচ্ছেন কয়েকজন নারী শ্রমিক। এ সময় কথা হয় সরু বালা (৬০), শান্তি বালা (৪০), মাহি বালা (৪০), দুলাই রানীসহ (৪৫) কয়েকজনের সঙ্গে। সরু বালা বলেন, ‘হামরা রোয়া নেলাই, ধান কাটি, ধান ডাংগাই, গম নেলাই, গম কাটি, মাড়াই করি, আলু গাড়ি, আলু ওঠাই, পাট কাটি, পাট ধুই, সব কামে করি। কিন্তু কাম তো সব সময় পাই না। কাম পাইলে হাজিরা দেয় কম।’
ওই গ্রামের গৃহস্থ উদয় চন্দ্র রায় বলেন, পুরুষেরা বাইরে কাজ করছেন, তাঁরা নারীদের চেয়ে বেশি শক্তির কাজ করেন। এ জন্য তাঁদের মজুরি বেশি দিতে হয়। আর নারীরা পুরুষের মতো কাজ করতে পারেন না। তারপরও এঁদের কাজ দিতে হয়। কাজ না দিলে এঁরা যাবেন কোথায়?
‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘নারীদের অধিকার আদায়ে আমরা কাজ করছি, নারীরা পুরুষের তুলনায় কাজও বেশি করেন, অথচ তাঁরা মজুরি কম পাচ্ছেন। তাঁদের মজুরি বৈষম্য নিয়ে আমরা কথা বলছি। এর সমাধান হওয়া জরুরি।’