নারী সাংবাদিককে উত্ত্যক্ত করার অভিযোগ
চট্টগ্রামের ষোলশহর জিআরপি পুলিশ ফাঁড়ির চার সদস্যের বিরুদ্ধে দুই আদিবাসী নারীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ষোলশহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। উত্ত্যক্তের শিকার এক নারী প্রথম আলোর প্রতিবেদক। এ ব্যাপারে তিনি নগরের পাঁচলাইশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন: জিআরপি পুলিশ ফাঁড়ির কনস্টেবল নজরুল (নম্বর ৪৭৪), সবুর (৩৭৮), আবুল কালাম (৪৬৩) ও হাবিলদার নুরুল হোসেন (৮৬)।ঘটনার বিবরণে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে এই দুই নারী বাজার করে ষোলশহর স্টেশন হয়ে তাঁদের গন্তব্যে যাওয়ার সময় পুলিশের এই চার সদস্য তাঁদের উত্ত্যক্ত করেন। এ সময় এর প্রতিবাদ করলে তাঁরা দুই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানানো হয়। পরে বিষয়টি লিখিতভাবে পাঁচলাইশ থানাকে জানানো হয়েছে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এখন তা রেলওয়ে পুলিশ বরাবর পাঠিয়ে দেব।’