নারী সাংবাদিকদের থেমে যাওয়া চলবে না

প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জের ভেতরে ঠিক মাঝখানটায় জ্বলছিল অসংখ্য প্রদীপ। আর তার আশপাশে অসংখ্য আলোকিত মানুষের মুখ। আর এই মুখগুলো যাকে কেন্দ্র করে এই আনন্দ উদ্যাপনে মেতে উঠেছিল, তাঁর গল্প সবারই জানা। তিনি বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম। আয়োজনটি মূলত তাঁকে ঘিরেই।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সাইদা খানমকে সম্মাননা দিয়েছে জাতীয় প্রেসক্লাব। ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এ সম্মাননা তুলে দেন এই নারী আলোকচিত্রীকে। এ সময় দেশের শতাধিক নারী সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্মাননার জন্য আরও মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন। তাসমিমা হোসেন দীর্ঘদিন ধরেই গুণী নারীদের খুঁজে বের করে ‘অনন্যা’ পুরস্কার দিয়ে তাঁদের বিশেষ স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। তিনি দেশে না থাকায় উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে।
নারী দিবসকে কেন্দ্র করে এই সম্মাননা অনুষ্ঠানে নারী সাংবাদিকেরা তাঁদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতাসহ নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তবে সবাই দৃঢ় কণ্ঠে বলেন, যত বাধাই আসুক, থেমে যাওয়া চলবে না।
অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিবন্ধকতা ছিল, আছে, থাকবে। তাই বলে থেমে যাওয়া চলবে না। এটা ঠিক, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন, কিন্তু তাঁরা দমে যাননি। সংসারের কাজের পাশাপাশি তাঁরা রাত-দিন যখনই প্রয়োজন, নিজের পেশার প্রয়োজনে দৌড়াচ্ছেন। নারীদের সাংবাদিকতা পেশায় কাজ করাকে আগে নেতিবাচকভাবে দেখলেও সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গিও পালটে গেছে। এ ক্ষেত্রে পুরুষ সহকর্মীরা সহযোগিতা করলে নারীদের কাজ করার পথটা আরেকটু মসৃণ হতে পারে। নারী সাংবাদিকদের অগ্রযাত্রায় তিনি সব সময় কাজ করে যাবেন বলে জানান।
অনুষ্ঠানে ‘নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের সংবেদনশীলতা’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনু। তিনি বলেন, সারা বিশ্বে নারী দিবস পালিত হচ্ছে নতুন তাৎপর্য ও নতুন আঙ্গিকে। দিবসটিকে কেন্দ্র করে নানা পর্যালোচনা শেষে নারী আন্দোলনকে একসূত্রে গাঁথা হয়। সাংবাদিকতা পেশাটি যেহেতু পারিবারিক, সামাজিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জের, তাই ধৈর্য, মনোবল ও সাহস—এই তিন গুণের সমন্বয়ে নারীদের থাকা উচিত।
জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মাহবুবা চৌধুরী, উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু, সিনিয়র সহসভাপতি রোজী ফেরদৌস, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা প্রমুখ।