গণমাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে নারী সাংবাদিকদের অংশগ্রহণ হতাশাজনক। পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে পুরুষদের চেয়ে নারীদের এ পেশায় টিকে থাকতে বেশি সংগ্রাম করতে হয়। সব মিলে নারী সাংবাদিকদের নিজেদের পেশায় টিকে থাকার স্বার্থেই প্ল্যাটফর্ম বা মোর্চা গড়ে তুলতে হবে।
গত রবি ও গতকাল সোমবার নারী সাংবাদিকদের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় বের করতে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলা হয়েছে। কর্মশালার সুপারিশে বলা হয়েছে, কোনো নারী সাংবাদিকের বিপদে অন্য নারী সাংবাদিকেরা যাতে চুপ করে না থাকেন, সে জন্য গেরিলা বাহিনীর কৌশল বা আদলে সংঘবদ্ধ হতে হবে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় ‘ব্রিজিং প্রোগ্রাম ফর জার্নালিস্ট’ প্রজেক্টের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ভোরের কাগজ-এর কূটনৈতিক প্রতিবেদক আঙ্গুর নাহার কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন পত্রিকার মোট ২০ জন নারী সাংবাদিক কর্মশালায় অংশ নেন।
এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমেরিকান সেন্টারের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা বিলাল ফারুকী, তথ্য কর্মকর্তা মনিকা সাই, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদা চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ লাবেইলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী, সাংবাদিক মাইনুল আলম, ইখতিয়ারউদ্দিন বক্তব্য দেন। আমেরিকান সেন্টারে প্রধান তথ্য কর্মকর্তা মেরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।