নারী সাংসদ হতে তৎপর তাহেরের স্ত্রী
জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের নারী সাংসদ হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন লক্ষ্মীপুরের সন্ত্রাসের ‘গডফাদার’ হিসেবে পরিচিত আবু তাহেরের স্ত্রী নাজমা বেগম।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, দলের সংসদীয় বোর্ডের করা ৩৯ জনের চূড়ান্ত তালিকা থেকে বান্দরবানের সুচিত্রা তঞ্চঙ্গ্যার মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ খবর পেয়ে সক্রিয় হন নাজমা বেগম। তাঁকে দলের পক্ষ থেকে জরুরিভাবে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে বলে লক্ষ্মীপুরে প্রচার রয়েছে। দুই দিন ধরে বিতর্কিত আওয়ামী লীগ নেতা আবু তাহের স্ত্রীর মনোনয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার কাছে তদবির করেছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, তদবিরের মুখে নাজমা বেগমের মনোনয়ন প্রায় নিশ্চিত হয়েছিল। কিন্তু স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের একাংশের বিরোধিতার কারণে গতকাল শেষ মুহূর্তে দলের নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত পরিবর্তন করেন।
লক্ষ্মীপুর আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, নাজমাকে মনোনয়ন দিলে লক্ষ্মীপুরের আওয়ামী লীগ বিতর্কিত একটি পরিবারের পেটে চলে যাবে। কেন্দ্রীয় নেতৃত্বকে এর ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের মুঠোফোনে যোগাযোগ করলে অন্য একজন ফোন ধরেন। জানান, তিনি জরুরি বৈঠকে আছেন। নাজমা বেগমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁদের ছেলে এ কে এম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার মাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু আপা (প্রধানমন্ত্রী) পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। কারণ, আমি এখন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আপার সঙ্গে আব্বার কথা হয়েছে।’
গত রাতে দলীয় একটি সূত্র জানায়, সর্বশেষ ন্যাপের মোজাফফর আহমেদের স্ত্রী আমিনা আহমেদকে সংরক্ষিত নারী আসনের জন্য বিবেচনায় নিয়েছে আওয়ামী লীগ। তবে পার্বত্য চট্টগ্রাম থেকে অন্য কোনো নারীকে মনোনয়ন দেওয়া যায় কি না, সেটাও বিবেচনায় আছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানান।
আমিনা আহমেদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি প্রস্তুতি নিচ্ছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত রাতে প্রথম আলোকে বলেন, প্রাথমিক একটি প্রস্তাবে তাহেরের স্ত্রীর নাম ছিল। তবে শেষ পর্যন্ত আমিনা আহমেদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নারী আসনে সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমার দেওয়ার শেষ তারিখ আজ রোববার।
অবশ্য তাহেরের স্ত্রী নাজমা বেগম আগেই সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন।
আবু তাহের ও তাঁর পরিবারের সদস্যদের নানা কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের বিগত আমলে (১৯৯৬-২০০১) লক্ষ্মীপুর সন্ত্রাসের জনপদ হিসেবে দেশব্যাপী পরিচিতি পায়। এমনকি তাহেরের স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধেও অনেক অভিযোগ ছিল। বিশেষ করে বহুল আলোচিত আইনজীবী নুরুল ইসলামকে হত্যার পর লাশ টুকরা টুকরা করে গুম করার ঘটনায় তাহেরের স্ত্রী সবচেয়ে বেশি আলোচনায় আসেন।
২০০১ সালের নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের পর তাহের, তাঁর স্ত্রী ও এক ছেলে খুনসহ বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পান। ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁরা পলাতক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর তাহের পরিবার আবার লক্ষ্মীপুরে ফিরে যায়। আবু তাহের আওয়ামী লীগের সমর্থনে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তাঁর ছেলে এ কে এম সালাউদ্দিন এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ৩১ মার্চ সেখানে ভোট গ্রহণ হবে। তাহেরের আরেক ছেলে এ এইচ এম বিপ্লব বিএনপির নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। কিন্তু পরে রাষ্ট্রপতির ক্ষমায় দণ্ড কমে যাবজ্জীবন হয়েছে।