নারী সাংসদকে গালাগাল, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সাংসদ ফরিদা আক্তারকে গালাগাল করার অভিযোগ উঠেছে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে। গত বুধবার ইফতার পার্টিতে ওই নারী-সাংসদকে তিনি গালাগাল করেছেন বলে অভিযোগ করেছেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার।স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলীয়ভাবে রংপুর-২ আসনের দায়িত্বে রয়েছেন সাংসদ ফরিদা আক্তার। এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণে ক্ষুব্ধ হয়ে ওঠেন মহাজোটের শরিক জাতীয় পার্টির সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল। গত বুধবার তিনি জাতীয় পার্টির ইফতার মাহফিলে সাংসদ ফরিদা আক্তার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন।এদিকে দলীয় সাংসদকে গালাগালের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। তারাগঞ্জ পুরাতন চৌপথী থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিলটি সমাবেশে মিলিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আতিউর রহমান, সহসভাপতি দেলোয়ার হোসেন, আনারুল হক প্রমুখ।এ বিষয়ে সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উনি তো এ এলাকার নির্বাচিত সাংসদ নন। তাই ওনাকে আমি মানি না, ওনার ব্যাপারে কোনো কথা বলার প্রশ্ন আসে না। আমার ও মহাজোট সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই সুবিধাভোগী একটি মহল এসব করছে।’