নারী সাংসদদের পাটের শাড়ি দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী
দেশে প্রথমবারের মতো আগামী ৬ মার্চ পাট দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে বিজেএমসি শিগগিরই কম্পোজিট মিল স্থাপন করবে। মিলে পাটের প্রক্রিয়াজাত সুতা থেকে শাড়িসহ বিভিন্ন ধরনের বস্ত্র উৎপাদিত হবে। বিজেএমসি উৎপাদনে গেলে নারী সংসদ সদস্যদের পাটের শাড়ি উপহার দেওয়া হবে।
আজ মঙ্গলবার সংসদে পাট বিল-২০১৭ পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের সদস্যদের আনীত সংশোধনী প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেওয়ার সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব তথ্য জানান। খবর বাসসের।
পাট প্রতিমন্ত্রী বলেন, পাট দিবস উপলক্ষে দেশে নয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিজেএমসির পক্ষ থেকে শিগগিরই কম্পোজিট মিল স্থাপন করা হবে। এ মিলে পাটের প্রক্রিয়াজাত সুতা থেকে শাড়িসহ বিভিন্ন ধরনের বস্ত্র উৎপাদন করা হবে। তিনি এ সময় বলেন, বিজেএমসি উৎপাদনে গেলে সংসদ সদস্যদের পাটের শাড়ি উপহার দেওয়া হবে। আর ৬ মার্চ পাট দিবসের আগেই স্পিকারকে পাটের শাড়ি উপহার দেওয়া হবে। এ সময় সংসদ সদস্যরা, বিশেষ করে নারী সদস্যরা টেবিল চাপড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
পাট বিল-২০১৭ পাস
পাট অধ্যাদেশ ১৯৬২ রহিত করে তা সুসংহতভাবে পুনঃপ্রণয়নের বিধান করে আজ সংসদে পাট বিল-২০১৭ পাস করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামাণিকের পক্ষে প্রতিমন্ত্রী মির্জা আজম বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে পাট ও পাটজাত পণ্য উৎপাদন ও প্রসার, গবেষণা ও পাট চাষে উদ্বুদ্ধকরণে সরকারের ক্ষমতা, পাট ও পাটজাত পণ্যের ব্যবসা উন্নয়ন এবং সম্প্রসারণে সরকারের ক্ষমতা, লাইসেন্স প্রদান, লাইসেন্স বাতিল, আপিল, আপিল বাতিল, মূল্য নির্ধারণ, বেলিং চার্জ, এজেন্ট ও ব্রোকার, প্রেস, গুদাম ইত্যাদি অধিগ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। এ ছাড়া বিলে পাট ও পাটজাত পণ্যের ওপর উন্নয়ন ফি আরোপ, উন্নয়ন তহবিল গঠন, চুক্তি নিবন্ধন, বিক্রয় নির্দেশ ও নিষিদ্ধকরণের ক্ষমতা, পাটখড়ি থেকে বাণিজ্যিক পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয় সম্পর্কে নির্দেশনা প্রদানের ক্ষমতা, চুক্তি প্রতিপালন নিশ্চিতকরণের ক্ষমতা, অপরাধ ও দণ্ডের বিধানসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, নূরুল ইসলাম মিলন, বেগম নূর-ই হাসনা লিলি চৌধুরী, সেলিম উদ্দিন ও স্বতন্ত্র সদস্য আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
এ ছাড়া আজ সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম প্রতিবেদন উপস্থাপন করেন।