নারী স্থপতি ও প্রকৌশলীদের সংখ্যা বাড়াতে হবে
নারী স্থপতি ও প্রকৌশলীদের মাঠপর্যায়ে কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। আর এ কাজে নারীদের ধরে রাখতে হলে নারীবান্ধব কর্মক্ষেত্র ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীরা মাঠপর্যায়ে এ কাজ করতে পারবে না—এ ধরনের নেতিবাচক মনোভাবে পরিবর্তন ঘটাতে হবে।
আজ রোববার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো আয়োজিত ‘নির্মাণশিল্পে নারী প্রকৌশলী ও স্থপতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব কথা বলেন। তাঁরা নারী স্থপতি ও প্রকৌশলীদের সংখ্যা বাড়ানোরও তাগিদ দেন।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে সেভেন রিংস সিমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আলোচকেরা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীর সংখ্যা বেড়েছে। ছাত্রীরা ভালো ফল করে পাস করছেন। কিন্তু কর্মক্ষেত্রে নারী স্থপতি বা প্রকৌশলীর উপস্থিতি সেই তুলনায় কম।
গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, একসময় মানুষ আঙুল তুলে বলত, ‘ওই বাড়িতে মহিলা ইঞ্জিনিয়ার আছে।’ কিন্তু এখন বিষয়টা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেক নারী চাকরি করতে পারছেন না। সরকার সরকারি কর্মজীবী নারীদের জন্য ছয় মাস মাতৃত্বকালীন ছুটির বিধান করেছে। ৮৪টি শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির পাশাপাশি সরকার চাইছে প্রতি জেলায় এ ধরনের কেন্দ্র গড়ে তুলতে। নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, পুরুষতান্ত্রিক সমাজে এখন পর্যন্ত নানান প্রতিবন্ধকতা ঠেলে নারীদের সামনে অগ্রসর হতে হচ্ছে। তাই চাকরিক্ষেত্রে নারীদের জন্য বিভিন্ন প্রণোদনা দিতে হবে। সরকারি প্রতিষ্ঠানে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলেও বেসরকারি অনেক কারখানা বা কোম্পানিতে তা নিশ্চিত করা যায় না। এটি নিশ্চিত করতে হবে।
সেভেন রিংস সিমেন্টের পরিচালক তাহমিনা আহমেদ বলেন, নারীদের নিয়োগের সময় অনেক ক্ষেত্রেই চিন্তা করতে হয়, নারীদের নিয়োগ দিলে তাঁদের জন্য বাড়তি কিছু ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আর সরকার সবকিছু একা করতে পারবে না, বেসরকারি খাতকে অবশ্যই এগিয়ে আসতে হবে।
সেভেন রিংস সিমেন্টের প্রধান বিপণন কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী বলেন, নারী স্থপতি ও প্রকৌশলীদের কর্মক্ষেত্রে কোন কোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, গুণগতমান পরিবর্তনে করণীয় নির্ধারণের জন্যই এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
আলোচনায় বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন জেবুন নাসরীন আহমদ বলেন, মেয়েরা যখন পড়াশোনা করছে, তখন তারা প্রথম হচ্ছে। কিন্তু পড়া শেষে মাঠে গিয়ে সেই দক্ষতা দেখাতে পারছে না। কেননা পুরুষতান্ত্রিক পরিবেশে নারীর কাজের বিচার করছে পুরুষতান্ত্রিক সমাজ। কর্মক্ষেত্রে সরকার এখন পর্যন্ত পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ফরিদা নিলুফার ২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে বলেন, এখানে শিক্ষার্থীদের ছেলে ও মেয়ে আলাদাভাবে বিবেচনা করা হয় না। মেয়ে বলে কাজ কম করবে, তা যেন ভাবতে না পারে। তাই মেয়ে শিক্ষার্থীদের সমান কাজ দেওয়া হয়। রাতে কাজ করার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শায়লা জোয়ার্দার, সরকারের সাবেক অতিরিক্ত সচিব নাইম আহমেদ খান, স্থপতি মেরিনা তাবাসসুম, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ফাহমিদা হক খান, রাজউকের কেন্দ্রীয় ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী রাহাত মুসলেমীন, সওজের নির্বাহী প্রকৌশলী সালমা আকতার খুকী।