নারীরা এখনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। চিকিৎসা নিতে এসে তারা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। কমিউনিটি ক্লিনিক কিংবা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় চরম দুর্ভোগে পড়ছে নারীরা।
বরিশালে মানসম্মত নারী স্বাস্থ্যসেবাবিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের প্রেসক্লাব মিলনায়তনে নারীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল নারীকল্যাণ সংস্থার আয়োজনে এবং নারীপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবিকা, জনপ্রতিনিধি ও নারীরা অংশ নেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের কমান্ডার এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যবিষয়ক কমিটির সদস্য শেখ কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন স্বাস্থ্যবিষয়ক কমিটির সদস্য এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, নারীপক্ষের কেন্দ্রীয় সদস্য সামিয়া আফরিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা পারভীন, মোখলেছুর রহমান, কাউন্সিলর পারভীন বেগম প্রমুখ।
নার্সেস অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুন্নেছা হারুন বলেন, নারীরা শুধু চিকিৎসার ক্ষেত্রেই নয় পরিবারেও বৈষম্যের শিকার হচ্ছে। প্রাথমিক অবস্থায় নারী অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য ডাক্তার কিংবা হাসপাতালে ভর্তি করা হয় না। যখন অবস্থা আশঙ্কাজনক হয়, তখনই নারীরা সেবা পায়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবারের পুরুষ সদস্যদের নজরদারি বাড়াতে হবে।