নারী হওয়ার কারণে নির্যাতিত হওয়া বেদনাদায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আজকের দিনেও শুধু নারী হওয়ার কারণে নারীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে, যা বেদনাদায়ক ও উদ্বেগের বিষয়।
গতকাল শনিবার বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গণে নারীর প্রতি সহিংসতা নিরসনে ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এর আগে তারা শোভাযাত্রা করে নারী নির্যাতনবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে, সচেতনতার সঙ্গে সঙ্গে নির্যাতনের ধরন এবং সংখ্যা বেড়ে গেছে। নির্যাতনের শিকার নারীরা বিচার চেয়েও পাচ্ছে না।
মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহনওয়াজ দিলরুবা খান বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ১০৯২১ একটি হেল্পলাইন নম্বর রয়েছে। এই নম্বরে ফোন করে বিভিন্ন সহায়তা পাওয়া যাচ্ছে।
ইউএন উইমেন বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন হান্টার বলেন, ঘরে-বাইরে যৌন নির্যাতনসহ নানা নির্যাতনের শিকার হয় নারীরা। বিজ্ঞপ্তি