নারী হবেন দেশের সম্পদ পুরুষ হবেন সহযাত্রী
নারীরা দেশের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবেন, পুরুষেরা হবেন তাঁদের সহযাত্রী—এমনই অঙ্গীকার তরুণ প্রজন্মের। অপেক্ষাকৃত বয়স্করা বলছেন, নারীদের আত্মবিশ্বাস অটুট রেখে আর কঠিন অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে হবে। শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। তবেই ২০৩০ সালের মধ্যে ঘরে-বাইরে নারীরা হবে সমানে সমান।
গতকাল বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তরুণেরা এসব অঙ্গীকার ব্যক্ত করেন। শপথ নেন, আর একটি নারীকেও ধর্ষিত-লাঞ্ছিত-অপমানিত হতে দেবেন না। ‘তরুণ প্রজন্মের অঙ্গীকার: ২০৩০ জেন্ডার সমতার লক্ষ্যে ৫০: ৫০’ শীর্ষক এই আয়োজনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব শপথ নেন। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি নারী আলোকিত নারী। দেশের সব শ্রেণি ও পেশার নারীদের অবদানের জন্য বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশে নারীর অর্জন ফলপ্রসূ। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক-সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই নারীর দৃশ্যমান উপস্থিতি ও সফলতা দেখা যাচ্ছে। মূল বক্তব্যে স্টেপসের পরিচালক রেখা সাহা বলেন, সমাজের নানা সনাতন প্রথার মধ্য দিয়ে গড়ে ওঠা নারী আর পুরুষ পরস্পর অসম সম্পর্কসূত্রে বাধা। বিভিন্ন ক্ষেত্রে অসমতা এই বৈষম্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে মূল ভূমিকা পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছেলেমেয়ে প্রায় সমান। কিন্তু সমাজের অন্য স্থানে নারীরা এখনো অনেক পিছিয়ে। নারীরা করুণা নয়, নিজেদের যোগ্য প্রমাণ করেই বিভিন্ন জায়গা দখল করছে। অনেক নারী নিজেদের অবলা মনে করে, সেই ধারণা পাল্টাতে হবে।