নারী হলেন বেতনহীন 'গৃহ মহাপরিচালক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালি ও সেবামূলক দৈনন্দিন কাজে একজন নারী দৈনিক গড়ে ১৮ ঘণ্টা সময় ব্যয় করেন। ধানের বীজ উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত মোট ২৩টি ধাপের ১৭টি কাজই করেন নারী। গবাদিপশু পালনসহ কৃষির বিভিন্ন খাতে নারীর অবদান প্রায় ৬৯ শতাংশ। অথচ বেশির ভাগ ক্ষেত্রে এত সব কাজের সামাজিক স্বীকৃতি নেই। নেই উপযুক্ত মূল্যায়ন-মর্যাদা। অথচ তিনিই বলতে গেলে ‘গৃহ মহাপরিচালক’। তাঁর তত্ত্বাবধান ছাড়া সংসার অচল।

‘নারীদের গৃহস্থালি সেবামূলক কাজের স্বীকৃতি ও দায়িত্বের পুনর্বণ্টন’ বিষয়ে গতকাল প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন মেহের আফরোজ চুমকি। পাশে মাহীন সুলতান l প্রথম আলো
‘নারীদের গৃহস্থালি সেবামূলক কাজের স্বীকৃতি ও দায়িত্বের পুনর্বণ্টন’ বিষয়ে গতকাল প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন মেহের আফরোজ চুমকি। পাশে মাহীন সুলতান l প্রথম আলো

গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় দেশে নারীদের অবস্থার এই চিত্র উঠে এসেছে। প্রথম আলো আয়োজিত ‘নারীদের গৃহস্থালি সেবামূলক কাজের স্বীকৃতি ও দায়িত্বের পুনর্বণ্টন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে সহযোগিতা করেছে উন্নয়ন সংস্থা অক্সফাম, বাংলাদেশ ও ইউকেএইড। বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে বক্তারা অমূল্যায়িত সেবা খাতে তাঁদের কাজের স্বীকৃতি ও যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেছেন, গৃহস্থালির সেবামূলক কাজের স্বীকৃতি এবং এর কোনো অর্থমূল্য না থাকায় জাতীয় আয়ে নারীর অবদানের কোনো প্রতিফলন ঘটে না। এই পরিস্থিতি নারী-পুরুষের আর্থসামাজিক অবস্থান ও বৈষম্যকে আরও প্রকট করে তুলেছে।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, গৃহস্থালি কাজের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন নেই। তারা যেন বেতনহীন গৃহ ‘মহাপরিচালক’। বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, এই সমাজে যার হাতে অর্থ, তার হাতেই বেশি ক্ষমতা। তাই নিজের শক্তির জন্য, নিজের সাহসের জন্যই নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত। ঘরের কাজে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনি নারীরা বেঁচে যাওয়া সময়ে নিজেদের অন্য কাজে সম্পৃক্ত করার সুযোগ পাবেন।
ব্র্যাকের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশনের ভিজিটিং ফেলো মাহীন সুলতান বলেন, সেবামূলক গৃহস্থালি কাজ যে কেউই করতে পারে। কিন্তু এই কাজ কেবল নারীদের—এমন ধারণা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। নারী-পুরুষের মধ্যে ঘরের কাজের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি।
নারী-পুরুষের ক্ষমতার বিন্যাসে কোনো ভারসাম্য নেই বলে উল্লেখ করেন অক্সফাম, বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) এম বি আখতার। তিনি বলেন, গোটা বিশ্বের সব সম্পদের মাত্র ১ শতাংশ নারীদের অধিকারে। এই অবস্থায় আর্থসামাজিক-সাংস্কৃতিক তথা সামগ্রিক পরিবর্তন ছাড়া বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।
বৈঠকের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অক্সফাম, বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শামীমা আখতার। লিখিত বক্তব্যে তিনি বলেন, নারীদের গৃহস্থালি কাজের আনুমানিক অর্থমূল্য ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি আয়ের ৭৬ দশমিক ৮ শতাংশের সমান। তারপরেও ঘরে-বাইরে সেবামূলক ও অর্থনৈতিক কাজে নারীর অবদান বেশির ভাগ ক্ষেত্রে স্বীকৃতি পায় না।
এ ছাড়া সাম্প্রতিক এক গবেষণার সূত্র ধরে শামীমা আরও বলেন, গৃহস্থালি সেবামূলক কাজে নারীরা যেখানে ৮ দশমিক ৮ ঘণ্টা কাজ করেন, পুরুষেরা সেখানে কাজ করেন ১ ঘণ্টা।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায় আইন করে হলেও কৃষি থেকে শুরু থেকে সব ক্ষেত্রে নারী-পুরুষনির্বিশেষে সমকাজে সমমজুরি নিশ্চিত করার দাবি জানান। সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করতে উত্তরাধিকার আইনের পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এসিআইয়ের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর নারী-পুরুষের বৈষম্য কমাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এ ক্ষেত্রে নিজের প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বর্তমানে এসিআইতে প্রতি পাঁচজন পুরুষের বিপরীতে একজন নারী কাজ করেন। আমরা এটিকে প্রতি চারজনে একজন করতে তৎপর।’
জিআইজেড, বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা খালেকুজ্জামান গৃহস্থালি কাজের জন্য নারীদের নতুন প্রযুক্তিতে অভ্যস্ত হওয়ার তাগিদ দিয়ে বলেন, এর জন্য সচেতনতাই যথেষ্ট নয়। গতানুগতিক অভ্যাস পরিবর্তন জরুরি।
অ্যাকশনএইড, বাংলাদেশের পলিসি অ্যান্ড ক্যাম্পেইন বিভাগের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) সাজিদ রায়হান বলেন, ২০১৫ সালে সারা বিশ্বে নারীদের অমূল্যায়িত সেবামূলক কাজের পরিমাণ ১০ ট্রিলিয়ন ডলার, যা চীনের মোট জিডিপির সমান। তিনি বলেন, নারী যদি বাইরে যেতে না পারে, বাজার যদি নারীবান্ধব না হয়, তাহলে নারী আবার ঘরে ফিরে যাবে। এ জন্য বাজারকে নারীবান্ধব করে গড়ে তোলা জরুরি।
নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলের জন্য মুদ্রিত সংবাদমাধ্যমের পাশাপাশি রেডিও-টেলিভিশনের মতো বিনোদনমাধ্যমের ভূমিকাও জরুরি বলে মত দেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ডেপুটি এডিটর আশা মেহরীন আমিন।
রহিমআফরোজ এনার্জি লিমিটেডের হেড অব অ্যাকসেস টু এনার্জি কাজী আহমদ ফারুক বলেন, ‘সেবামূলক কাজের সঙ্গে দারিদ্র্যের একটি নিবিড় সম্পর্ক আছে। আমরা দেখেছি, প্রত্যন্ত গ্রামে সৌরবাতি, উন্নত চুলা, সৌরশক্তিতে চালিত টেলিভিশন মহিলা ও শিশুদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে।’
প্রাণ-আরএফএলের চিফ অপারেটিং অফিসার মো. রাশেদুর রহমান শিশুর মননে ছোটবেলা থেকেই নারীর প্রতি মর্যাদা ও সহানুভূতির বিষয়গুলো প্রোথিত করে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার সৈকত আজাদ আধুনিক যন্ত্রপাতির সহযোগিতা নিয়ে গৃহস্থালির দৈনন্দিন কর্মকাণ্ড সহজ করার ওপর তাগিদ দেন।
এ ছাড়া বৈঠকে কুড়িগ্রামের আলেকজান বেগম ও বারঘর ডেইরি প্রোডিউসার গ্রুপের মিনা বেগম নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার আগে-পরের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা বলেন, আর্থিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা আর গ্রহণযোগ্যতা বেড়েছে। এখন তাঁরা গৃহস্থালির দৈনন্দিন কাজগুলো পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে ভাগাভাগি করেন। তাঁদের দেখাদেখি গ্রামের অনেক নারীই এখন আয়-উন্নতির পথে এসেছেন। গ্রামে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গিরও বদল ঘটেছে অনেকটা।