নারী হেডম্যান ও কার্বারির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
নারী হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারির (গ্রামপ্রধান) সংখ্যা বাড়ানো, পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, প্রথাগত প্রতিষ্ঠানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃত্ব নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমবারের মতো আয়োজিত পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান ও কার্বারি সম্মেলনে।
গতকাল বুধবার বেলঅ তিনটায় রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় বেসরকারি সংস্থা টংগ্যার সভাকক্ষে সম্মেলনের সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়।
নারী হেডম্যান ও কার্বারিদের দক্ষতা উন্নয়নে ব্যবস্থা নেওয়ার সহযোগিতার আশ্বাস দিয়ে চাকমা রাজা বলেন, সামাজিক শৃঙ্খলা রক্ষায় সার্কেলের প্রধান, হেডম্যান ও কার্বারিদের সমন্বয় গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে চাকমা সার্কেলের রানি য়েন য়েন বলেন, সক্ষমতা ও দক্ষতা বাড়াতে অন্য কোনো সংগঠনের মুখাপেক্ষী না হয়ে প্রয়োজনে নিজেদের উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। নারী কার্বারিদের কোনো হেডম্যান সহযোগিতা না করলে সরাসরি তাঁর কাছে আসার পরামর্শ দেন তিনি।
সমাপনী আয়োজনে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা ‘পার্বত্য চট্টগ্রামের নারীসমাজের সমস্যা ও প্রথাগত নারী নেতৃত্বের করণীয়’ এবং সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা ‘পার্বত্য চট্টগ্রামের প্রথাগত নারী নেতৃত্বের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধ দুটির ওপর আলোচনায় হেডম্যান ও কার্বারিরা নিজেদের সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক জয়া ত্রিপুরার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নারী হেডম্যান কাবেরী রায়, সুখেন্দু বালা চাকমা, জোনাকী চাকমা, আইনজীবী সুস্মিতা চাকমা, কার্বারি গোপাদেবী চাকমা, উশৈম্রা মারমা, বনিতা চাকমা, মল্লিকা চাকমা প্রমুখ।