নারীকর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যাওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল ভণ্ডুল হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।মিছিলের প্রথম সারিতে থাকা নিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ শাখার নারীকর্মীদের মধ্যে হাতাহাতি হয়।দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে আনন্দ মিছিলটি বের হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ইডেন কলেজ শাখা, বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ও ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীরা অংশ নেন। নারীকর্মীরা যথারীতি অবস্থান নেন মিছিলের সামনে।প্রত্যক্ষদর্শীরা জানান, ‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’ স্লোগান দিয়ে মিছিলটি কলা ভবনের পেছনে ফাস্ট ফুডের দোকানের ক্যাম্পাস শ্যাডোর কাছে পৌঁছালে শুরু হয় হাতাহাতি। মিছিলটি সরু রাস্তায় প্রবেশ করলে একটি রিকশাকে অতিক্রম করার সময় সামনের সারিতে অবস্থান রক্ষা করা নিয়ে নারীকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় মিছিলের প্রথম সারিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা পেছন থেকে ধাক্কা খেলে তিনি ইডেনের এক কর্মীর ওপর চড়াও হন। এর পরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।প্রথমে চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করে শারমিন সুলতানা প্রথম আলোকে বলেন, ইডেনের কর্মীরা মিছিলের পুরো সামনের ভাগ দখল করে নেন। তিনি নিজে কোনোক্রমে প্রথম সারিতে অবস্থান নিলেও তাঁরা পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। একপর্যায়ে পেছন থেকে ইডেনের এক কর্মী তাঁর ওপর চড়াও হলে হাতাহাতি শুরু হয়।এদিকে ছাত্রলীগের ইডেন শাখার সভানেত্রী জেসমিন শামীমা দাবি করেন, পেছনের সারিতে থাকা ইডেনের ছাত্রীবিষয়ক উপসম্পাদক আফরোজার পা গায়ে লেগে গেলে শারমিন তাঁর ওপর চড়াও হন।প্রথম আলোর প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করেন। তবে তিনি আরও বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।