চেরি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাত্
নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর আর্থ-সামাজিক অবস্থার আরও উন্নতি ও জাতীয় উন্নয়নের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করার সময় শেখ হাসিনা এ কথা বলেন। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনজীবী ও মানবাধিকার রক্ষায় সোচ্চার চেরি ব্লেয়ার চার দিনের সফরে ঢাকায় পৌঁছার পর গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাত্ করেন। খবর বাসসের। সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন। চেরির সাক্ষাত্কালে শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন, জাতীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণ ও বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। চেরিকে তিনি বলেন, তাঁর সরকার শনাক্ত করেছে যে দারিদ্র্য মোচনের অন্যতম মূল সহায়ক হচ্ছে নারীর ক্ষমতায়ন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নারীর অগ্রসরে জাতীয় নীতিগুলোর মূল লক্ষ্যগুলো হচ্ছে নারী ও পুরুষের মধ্যে সমতা আনা ও নারীর অবস্থার উন্নয়ন।চেরি ব্লেয়ার বাংলাদেশে নারীর সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।