নারীকে গণধর্ষণের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের চারআনি গ্রামে গণধর্ষণের শিকার সেই নারীকে বুধবার রাতে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ওই নারী হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলার আসামিরা হলেন: মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামের মো. মিজান (২৬), একই উপজেলার চিরপাই গ্রামের জুলহাস হোসেন (২৫), হাজীগঞ্জ উপজেলার চারআনি গ্রামের মোখলেছুর রহমান (৩০), আকতার হোসেন (২৫) ও মো. ফারুক (৩০)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষণের শিকার নারীর সঙ্গে মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামের মিজানের কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাতে মুঠোফোনে মিজান তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে ঘর থেকে ডেকে নেন। তারপর মিজান কৌশলে ওই নারীকে ধর্ষণ করেন। বাড়ি ফেরার পর একই রাতে মোখলেছ, জুলহাস হোসেন, ফারুক ও আকতার তাঁকে রাতভর ধর্ষণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মো. বেলায়েত হোসেন জানান, গতকাল চাঁদপুর সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর ওই নারীর জবানবন্দি নিয়েছেন। বেলায়েত হোসেন আরও জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।